ভারতের পশ্চিমবঙ্গে আবাসনের ফ্ল্যাটে লিভ-ইন সঙ্গীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তরুণী ও তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার গড়িয়ার ফরতাবাদ এলাকার একটি আবাসনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম সার্থক সরকার। তার বয়স ২৫ বছর। তার বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে। ফরতাবাদের ওই আবাসনে অভিযুক্ত তরুণীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতেন তিনি।
অভিযোগ, গত শনিবার গভীর রাতে কোনো একটি বিষয় নিয়ে সার্থক ও ওই তরুণীর মধ্যে রাগা-রাগি সৃষ্টি হয়। একপর্যায়ে তরুণী ধারালো অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আবাসনের মেঝেতে লুটিয়ে পড়েন সার্থক।
এরপর অভিযুক্ত তরুণী স্থানীয় বাসিন্দাদের কাছে গিয়ে তার ঘরে দুর্ঘটনা ঘটেছে বলে জানান। খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে সার্থককে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা সায়ন পাল জানান, শনিবার রাতে তারা পাড়াতেই ছিলেন। হঠাৎ এক নারী এসে তার বাড়িতে বিপদ ঘটেছে বলে জানান। পরে তারা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। ওই নারীর গলায় আঁচড়ের দাগও দেখতে পান তারা।
সায়ন পাল আরও জানান, নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তারা জানতে পারেন, সার্থক মারা গেছেন।
নিহত সার্থকের বাবা সুজয় সরকার জানান, সকালে খাওয়াদাওয়া করে বাড়ি থেকে বের হওয়ার সময় সার্থক তাকে বলেছিলেন, তিনি ডায়মন্ড হারবার যাবেন। রাতে তার মেয়ে ফোন করে ভাইয়ের অবস্থা খারাপ জানিয়ে দ্রুত সেখানে যেতে বলেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে সার্থককে ওই অবস্থায় দেখতে পান।
সুজয় সরকার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই সার্থকের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানো হবে বলেও জানান তিনি।
এ ঘটনায় অভিযুক্ত তরুণী সঞ্চালিকা বোস ও তার মা মৌমিতা বোসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে সার্থক ও ওই তরুণীর মধ্যে কী কারণে বচসা হয়েছিল এবং হত্যাকাণ্ডে তরুণীর মায়ের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
ফোনে পারমাণবিক হামলার ‘ভুয়া বার্তা’, আতঙ্কিত ইউক্রেনীয়রা
হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন: আইআরজিসি