ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াল রূপ, মৃতের সংখ্যা ১০০০ ছাড়ালো

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) অতি মারাত্মক ইবোলা ভাইরাস আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে। মাত্র আড়াই মাসের (১০ সপ্তাহ) কম সময়ে সেখানে ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১,০৩১ জন মানুষ।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ইতিহাসে এর আগে কখনো এত দ্রুত গতিতে ইবোলা ছড়িয়ে পড়েনি।

বুধবার (২২ জুলাই) আফ্রিকান স্বাস্থ্য সংস্থার প্রধান জিন কাসেয়া জানান, ডিআর কঙ্গোতে এই মুহূর্তে ইবোলার যে ধরনটি ছড়িয়েছে, তার কোনো নির্দিষ্ট টিকা (ভ্যাকসিন) বা ওষুধ চিকিৎসকদের কাছে নেই। সেই সাথে প্রয়োজনীয় অর্থ ও চিকিৎসার অভাব থাকায় পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যাচ্ছে।

সংক্রমণ এড়াতে বর্তমানে হাসপাতালে ও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে আরও সাড়ে সাত শর বেশি রোগীকে। এছাড়া পাশের দেশ উগান্ডাতেও এই ভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে।

ইবোলা ছড়ায় আক্রান্ত ব্যক্তির শারীরিক স্পর্শ বা তরলের মাধ্যমে। সাধারণ মানুষের জন্য আশঙ্কার বিষয় হলো, বর্তমানে ডিআর কঙ্গোতে ছড়িয়ে পড়া ভাইরাসের ধরনটির নাম 'বান্ডিবুগিও' (Bundibugyo)। এটি ইবোলার সবচেয়ে দুর্লভ একটি ধরন, যার প্রতিরোধে কোনো রেজিস্টার্ড টিকা এখনও তৈরি হয়নি।

এর আগে ২০১৩ থেকে ২০১৬ সালের দিকে পশ্চিম আফ্রিকায় ইবোলার বড় ধরনের প্রাদুর্ভাব হয়েছিল, সেখানে ১ হাজার মানুষের মৃত্যু হতে সময় লেগেছিল প্রায় ৮ মাস। কিন্তু এবার কঙ্গোতে আড়াই মাস না যেতেই এক হাজারের বেশি মানুষ মারা গেলেন।

আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এখনই যদি বিশ্ববাসী কঙ্গোর পাশে না দাঁড়ায় এবং ভাইরাসটি থামানো না যায়, তবে এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মারাত্মক স্বাস্থ্য বিপর্যয় ডেকে আনবে। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন