আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) প্রাণঘাতী ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত শুক্রবার (৩০ অক্টোবর) মৃত্যুর এ সংখ্যা অতিক্রম করে। ভয়াবহ এ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এখনো কার্যকর উপায় খুঁজছে কর্তৃপক্ষ। এর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে ভাইরাসটির বিরল ‘বান্দিবুগিও’ ধরন, যার বিরুদ্ধে অনুমোদিত কোনো চিকিৎসা বা টিকা নেই।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে ডিআর কঙ্গোতে ১০ হাজারের বেশি মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছেন। দেশটির ইতিহাসে এটিই সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব। শনাক্তকরণে বিলম্ব, সংঘাতপূর্ণ পরিস্থিতি এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে আগের প্রাদুর্ভাবগুলোর তুলনায় এবার ভাইরাসটি দ্রুত ছড়িয়েছে।
এ পর্যন্ত কঙ্গোর ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে ইবোলার সংক্রমণ ছড়িয়েছে। প্রতিবেশী দেশগুলোতেও পৌঁছেছে ভাইরাসটি। গত সপ্তাহে নাইজেরিয়ায় ইবোলা শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়। এর মধ্য দিয়ে পশ্চিম আফ্রিকাতেও সংক্রমণ ছড়িয়ে পড়ে। পূর্ব আফ্রিকার কেনিয়া ও উগান্ডাতেও আক্রান্তের খবর পাওয়া গেছে।
চলতি বছরের এই প্রাদুর্ভাবকে ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ইবোলা সংক্রমণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। সে সময় ২৮ হাজার ৬০০ জনের বেশি মানুষ আক্রান্ত হন এবং ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।
সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশ ভ্রমণে বিধিনিষেধ আরোপ করছে। আক্রান্ত দেশগুলো থেকে আসা কিংবা সেসব দেশের মধ্য দিয়ে যাতায়াত করা যাত্রীদের কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
শুক্রবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কেনিয়ার সঙ্গে যাতায়াত এবং দেশটি থেকে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে রিয়াদ। সৌদি নাগরিকদের কেনিয়া ভ্রমণ বন্ধের পাশাপাশি কেনিয়ার নাগরিকদের সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে।
এ ছাড়া গত ২১ দিনের মধ্যে কেনিয়া কিংবা ইবোলায় আক্রান্ত অন্য কোনো দেশে অবস্থান করা যাত্রীদের সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তৃতীয় কোনো দেশ হয়ে সৌদি আরবে আসা যাত্রীদের ক্ষেত্রেও এ বিধিনিষেধ কার্যকর হবে।
সূত্র: আলজাজিরা
পাবনায় গরু ছাড়াই তৈরি হয় ‘আসল গরুর দুধ’!
নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করার পরিকল্পনা ফিফার
পুনরায় নির্বাচনের মুখে ইসরায়েল!