ইরানি কমান্ডার

ইরানকে দমাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যর্থ

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৭:২৫ এএম

ইরানের বিরুদ্ধে নিজেদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, বরং তাদের সব চক্রান্ত পুরোপুরি বানচাল হয়ে গেছে বলে দাবি করেছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।

রোববার (৯ আগস্ট) ইরানের সংবাদ সংস্থা তাসনিম-এর বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, তেহরানের 'মোহাম্মদ রাসুলুল্লাহ কোর'-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদেহ ২৭তম মোহাম্মদ রাসুলুল্লাহ ডিভিশনের আধুনিকায়িত বিমান প্রতিরক্ষা ব্যাটালিয়নের সামরিক প্রস্তুতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, ইরানের 'জনগণভিত্তিক শক্তি এবং বাসিজ বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি' দেশকে আজ মধ্যপ্রাচ্যসহ বিশ্বমঞ্চে এক পরাশক্তিতে রূপ দিয়েছে।

ইরানি এই কমান্ডারের মতে, টানা ব্যর্থতার মুখে পড়ে মার্কিন ও ইসরায়েলি নেতারা এখন নিজেদের দেশের মানুষ ও বিশ্বজনমতের কাছে জবাব দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন।

হাসান জাদেহ আরও জানান, এই প্রদর্শনীতে তাদের বিশাল সামরিক সক্ষমতার সামান্য অংশই তুলে ধরা হয়েছে এবং যেকোনো শত্রুভাবাপন্ন আগ্রাসন রুখে দিতে তারা পুরোপুরি প্রস্তুত।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সির বরাতে আনাদোলু এজেন্সি।

HN
আরও পড়ুন