ফিলিস্তিনকে মুছে ফেলতে চায় ইসরায়েল: এরদোগান

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০২:০৫ এএম

মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে কাজে লাগিয়ে ইসরায়েল বিশ্বমঞ্চ থেকে ফিলিস্তিন ইস্যু সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের এমন অভিসন্ধির কড়া সমালোচনা করেন।

এরদোগান বলেন, নতুন নতুন সংঘাত ও বিশৃঙ্খলা তৈরি করে ফায়দা তোলাই নেতানিয়াহুর প্রধান লক্ষ্য, যাতে ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার আন্তর্জাতিক আলোচনার বাইরে চলে যায়।

তবে ইসরায়েলের এই চক্রান্ত কোনোদিনই সফল হবে না বলে জোর দাবি জানান তিনি। তুর্কি প্রেসিডেন্ট স্পষ্ট করেন, ফিলিস্তিনকে যতই ধ্বংসের চেষ্টা করা হোক না কেন, বিশ্ববাসীর হৃদয়ে তাদের সমর্থন আরও বাড়বে।

স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঐতিহাসিক লড়াইয়ে তুরস্ক শুরু থেকেই ফিলিস্তিনিদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এরদোগান।

এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে আঙ্কারা পৌঁছান। সফরসঙ্গীদের মধ্যে গোয়েন্দা প্রধান মাজেদ ফারাজ ও জ্যেষ্ঠ কূটনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি ও চলমান সংকট নিরসনে বিস্তারিত আলোচনা করেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এরদোগানের সঙ্গে এই বৈঠককে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন।

সূত্র: আল-জাজিরা।

HN
আরও পড়ুন