যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক থেকে আপাতত স্বস্তিতে কানাডা

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০১:০৩ পিএম

কানাডার বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্যের ওপর প্রস্তাবিত ৫০ শতাংশ শুল্ক কার্যকরের ঠিক শেষ মুহূর্তে তা স্থগিত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে দুই বাণিজ্যিক অংশীদারের মধ্যে সম্ভাব্য এক নতুন বাণিজ্য যুদ্ধ আপাতত ৩ দিনের জন্য এড়ানো গেল।

মঙ্গলবার মধ্যরাত থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় শুল্কটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিশ্চিত করেন।

পরবর্তীতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২২ আগস্ট পর্যন্ত শুল্ক স্থগিত রাখতে সম্মত হয়েছে ওয়াশিংটন।

শুল্কটি কার্যকর হলে তা ইলেকট্রনিক্স, শিল্প কলকারখানার যন্ত্রপাতি, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য এবং ওয়াইন সহ কানাডার প্রায় ২ হাজার ২০ কোটি (২০.২ বিলিয়ন) ডলার মূল্যের রপ্তানি পণ্যে আঘাত হানত।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ ট্রাম্প জানান, উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছানোর পর নথি চূড়ান্ত করার সুবিধার্থে ৩ দিনের জন্য শুল্ক স্থগিত করা হয়েছে।

কোনো পক্ষ থেকে চুক্তির বিস্তারিত প্রকাশ করা না হলেও, ট্রাম্পের বার্তা থেকে ইঙ্গিত মেলে যে বহুল বিতর্কিত 'কিস্টোন এক্সএল পাইপলাইন' (Keystone XL Pipeline) প্রকল্পটি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার সঙ্গেই এই সমঝোতার যোগসূত্র রয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনও গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে।

বর্তমানে কানাডা নিজের অর্থনীতিকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার দিকে মনোনিবেশ করছে বলে তিনি মন্তব্য করেন।

কানাডার মোট রপ্তানির প্রায় ৭০ শতাংশই যায় মার্কিন বাজারে। ফলে এই সাময়িক স্থগিতাদেশ কানাডিয়ান রপ্তানিকারকদের জন্য বড় ধরণের স্বস্তি নিয়ে এসেছে।

সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন