হাসপাতাল থেকে ফের কারাগারে ইমরান খান

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১১:৪২ এএম

হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ফের কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে আনা হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষার পর এদিন ভোরে তাকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।

গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এরপর শুক্রবার রাতে তাকে হাসপাতালে আনা হয়। বর্তমান শেহবাজ শরিফ সরকার আদালতের এ নির্দেশনার বিরুদ্ধে আপিল করেছিল। কিন্তু আদালত তা গ্রহণ করেনি।

ধারণা করা হয়েছিল, ইমরানকে হয়ত বেশ কিছুদিন হাসপাতালে রাখা হবে। কিন্তু মাত্র কয়েক ঘণ্টা পরই তাকে আবার ফিরিয়ে নেওয়া হলো।

ইসলামাবাদের এ হাসপাতালে ইমরানকে আনার আগে সেখানে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় এবং হাসপাতালে যাওয়ার একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

ইমরানের স্বাস্থ্য নিয়ে সরকার ও বিরোধী দলের টানাপোড়েন চলছে অনেক দিন ধরেই। সাবেক প্রধানমন্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত না করা এবং তার ব্যক্তিগত চিকিৎসকদের তার কাছে যেতে না দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাবের জন্য সরকারকে অভিযুক্ত করে আসছে বিরোধী দল। সরকার এই অভিযোগগুলো বরাবরই অস্বীকার করেছে।

২০২৩ সালের অগাস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী আছেন ইমরান এবং দুর্নীতির অভিযোগে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ভোগ করছেন, যে অভিযোগগুলো তিনি ও তার দল অস্বীকার করে আসছে।

YA
আরও পড়ুন