টাইফুন নারার তাণ্ডবে চীন-ভিয়েতনামে বন্যা ও ভূমিধস

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৭ পিএম

টাইফুন নারার প্রভাবে ভারী বৃষ্টিতে চীন ও ভিয়েতনামের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক, বিদ্যুৎ অবকাঠামো ও কৃষিজমি। দুই দেশে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংশি অঞ্চলে বন্যার পানি বেড়ে যাওয়ায় প্রায় ৫৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৮৭ জনকে জরুরি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। চংজুও শহরের বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। ১৫টি নদীর পানি সতর্কতা সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, উত্তর ভিয়েতনামে কয়েক দিন ধরে চলা ভারী বৃষ্টিতে অন্তত একজন নিহত হয়েছেন এবং ৪ হাজার ৩০০টির বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। দেশটির লাং সন ও কাও বিং প্রদেশে ২৪ ঘণ্টায় ২৩৬ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে।

হা লং বে এলাকার কুয়াং নিন প্রদেশেও বন্যার পানি ঢুকে পড়েছে। এতে পর্যটন, মাছ ধরা ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে। বৃষ্টিতে প্রায় ৫৫ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ১০ হাজার হেক্টরের বেশি ধান ও অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, নারার স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা নেই। তবে এর প্রভাবে উত্তরাঞ্চলে আরও ভারী বৃষ্টি হতে পারে। চীনের গুয়াংশি, গুয়াংডং, হাইনান ও ফুজিয়ান অঞ্চলে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সূত্র: রয়টার্স।

এএম/ওয়াইএ
আরও পড়ুন