সবজি সতেজ রাখতে ক্ষতিকর রাসায়নিক ‘ফরমালিন’ ব্যবহারের অভিযোগে তদন্ত শুরু করেছে চীন কর্তৃপক্ষ।
বাঁধাকপি দীর্ঘ সময় তাজা রাখতে বিষাক্ত কেমিক্যাল দ্রবণ ব্যবহারের ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে এই পদক্ষেপ নেওয়া হলো।
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেবেই প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, বাঁধাকপিগুলো ট্রাকে তোলার আগে একটি বিষাক্ত দ্রবণে ডুবিয়ে নেওয়ার ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা পাওয়া গেছে। এক পরিবেশ বিষয়ক ব্লগারের মাধ্যমে গত সপ্তাহে ধারণকৃত এই ফুটেজটি প্রকাশ্যে আসে। উল্লেখ্য, চীনে খাদ্যে প্রিজারভেটিভ হিসেবে ক্যাণ্সারের ঝুঁকি সৃষ্টিকারী এই বর্ণহীন রাসায়নিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো রোধ করতে এবং খাদ্যের নিরাপত্তায় আস্থা ফেরাতে চীনের বাজারগুলোতে হঠাৎ অভিযান পরিচালনা শুরু করেছেন সরকারি পরিদর্শকেরা।
এক বিবৃতিতে স্থানীয় প্রশাসন জানিয়েছে, খাদ্য নিরাপত্তায় কোনো ধরনের অবৈধ বা নিয়মবহির্ভূত কাজ ধরা পড়লে আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্বের বৃহত্তম বাঁধাকপি উৎপাদক চীন বছরে প্রায় তিন কোটি টনের বেশি বাঁধাকপি উৎপাদন করে, যা বিশ্ব চাহিদার প্রায় অর্ধেক। এখান থেকে ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ায় ব্যাপক পরিমাণে বাঁধাকপি রপ্তানি করা হয়।
চীনের প্রভাবশালী গণমাধ্যম ‘পিপলস ডেইলি’ এক সম্পাদকীয়তে লিখেছে, পাইকারি ব্যবসায়ীরা শুধু নিজেদের আর্থিক মুনাফার কথা ভেবে মানুষের জীবন ও স্বাস্থ্যকে পুরোপুরি ঝুঁকিতে ফেলেছে। তারা আইন ও নৈতিকতার সব সীমা অতিক্রম করেছে।
সূত্র: বিবিসি
নিউইয়র্কে রেস্টুরেন্টে ঢুকে গুলি, বাংলাদেশি নিহত
৬০ লাখ বাংলাদেশির 'গোপন তথ্য' এখন ডার্ক ওয়েবে!