ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে ৬ বিলিয়ন ইউরো (৭ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে একটি বিশাল অ্যামিউজমেন্ট পার্ক বা বিনোদন কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে ফ্রান্স ও সৌদি আরব।
প্যারিসের এলিসি প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তির বিষয়ে জানানো হয়।
সোমবার (২৪ আগস্ট) দুই দেশের মধ্যে অর্থনীতি ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে স্বাক্ষরিত একাধিক চুক্তির মধ্যে এটি অন্যতম।
ফরাসি রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, এই প্রকল্পের আওতায় প্যারিসের উত্তর-পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার দূরে সার্জি-পোন্তোয়েস এলাকায় ৩টি পৃথক থিম পার্ক তৈরি করা হবে। এর মধ্যে একটি পার্ক তৈরি হবে জনপ্রিয় 'ম্যাঙ্গা' (Manga) ও 'ড্রাগন বল জেড' (Dragon Ball Z)-এর আদলে। প্রকল্পটির নেতৃত্ব দেবে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের প্রতিষ্ঠান 'কিদ্দিয়া' (Qiddiya)। এটি বাস্তবায়িত হলে প্রায় ২২ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।
ম্যাক্রোঁ প্রকল্পটিকে 'অসাধারণ' বলে অভিহিত করেছেন এবং বলেন এটি 'ডিজনিল্যান্ড প্যারিস'-এর মতো একটি 'নতুন বৈশ্বিক গন্তব্য' হয়ে উঠবে। ২০২৪ সালের ডিসেম্বরে রিয়াদে ম্যাক্রোঁ ও সালমানের মধ্যকার বৈঠকে ম্যাঙ্গা কার্টুনের প্রতি উভয়ের বিশেষ পছন্দের সূত্র ধরেই এই বড় বিনিয়োগের সূচনা হয়।
বিনোদন কেন্দ্র ছাড়াও দুই দেশের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিমান অর্থায়ন, পরিবহন, স্বাস্থ্য এবং প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি ও সম্মতিপত্র স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে লোহিত সাগরের জেদ্দা ইসলামিক পোর্ট উন্নয়নে ফরাসি সিএমএ সিজিএম (CMA CGM)-এর ৪৩৪ মিলিয়ন ডলারের চুক্তি এবং রিয়াদ মেট্রোর জন্য ক্যারেজ সরবরাহে আলস্টম (Alstom)-এর ৫৮০ মিলিয়ন ডলারের চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।
অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক নানা বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন ম্যাক্রোঁ ও সালমান। তারা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা, গাজায় টেকসই যুদ্ধবিরতি, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানান।
সূত্র: আল-জাজিরা
ইরানে দুই ব্যতিক্রমী সামরিক শক্তি, নেপথ্যে কী?
'গ্রাম আদালত' সক্রিয় করতে সরকারের নতুন পদক্ষেপ