মক্কা চুক্তিতে বাংলাদেশ : যা বলছে পাকিস্তান

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৩:১৩ এএম

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনায় ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। সম্প্রতি জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন।

তিনি জানান, আহ্বান জানানো হলে বাংলাদেশ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, চুক্তিতে যুক্ত হওয়ার আগে এর সব ভালো-মন্দ দিক খতিয়ে দেখা হবে। তিনি চুক্তিটিকে মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি যৌথ ব্যবস্থা হিসেবে অভিহিত করেন।

খলিলুর রহমান বলেন, “এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, তাই অন্যদের উদ্বেগের কোনো কারণ নেই।”

পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি জানান, বাংলাদেশ আনুষ্ঠানিক প্রস্তাব দিলে সৌদি আরব ও তুরস্কের সাথে আলোচনা করবে পাকিস্তান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

তাহির আন্দ্রাবি বলেন, “মক্কা চুক্তি একটি প্রতিরক্ষামূলক কাঠামো, যার লক্ষ্য ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা।” 

তিনি আরও যোগ করেন, নিরাপত্তা ও যৌথ দায়িত্বে বিশ্বাসী যেকোনো দেশের জন্য এ চুক্তির দ্বার উন্মুক্ত। তবে চুক্তিটি বর্তমানে একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: আনাদোলু

এইচএন
আরও পড়ুন