উত্তর প্রদেশের সামুহি ভাটপুরওয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে সকালের ঘণ্টা বাজলেও শ্রেণিকক্ষে ঢোকেনি ১২২ শিক্ষার্থী। জরাজীর্ণ ভবনের বদলে নতুন ক্লাসরুমের দাবিতে লাল-সাদা পোশাক পরা ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলের সামনে বিক্ষোভে নামে।
২০২৩ সালে স্কুলের দেয়াল ধসে এক শিক্ষার্থী আহত হওয়ার পর থেকেই সংস্কারের দাবি জানাচ্ছিল তারা। কোনো সাড়া না পেয়ে অবশেষে গত ২২ আগস্ট ক্লাস বর্জন করে তারা। পরবর্তীতে ঊর্ধ্বতন শিক্ষা কর্মকর্তা দীপক আওয়াস্থি এসে আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফেরে।
অনুরূপ চিত্র দেখা গেছে ভারতের অন্তত ১০টি রাজ্যে। জুলাইয়ের শেষ দিক থেকে মহারাষ্ট্র, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোর গ্রামীণ শিক্ষার্থীরা বেঞ্চ, বিদ্যুৎ, নিরাপদ ভবন ও বিশুদ্ধ পানির দাবিতে রাস্তায় নেমেছে।
বিশ্লেষকরা একে জেন আলফা প্রজন্মের নতুন সামাজিক ও রাজনৈতিক সচেতনতার প্রতীক হিসেবে দেখছেন। এর আগে রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বেকারত্ব ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করে শত শত জেন জেড তরুণ।
এই তরুণেরা 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) গঠনের মাধ্যমে জোর আন্দোলন গড়ে তুলেছিল। তাদের টানা প্রতিবাদের মুখেই দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন।
পরবর্তীতে সিজেপি গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে 'স্কুল ঠিক করো' নামে একটি মাঠপর্যায়ের প্রচার শুরু করে। সংগঠনটির আইনি প্রধান রত্না সিং জানান, গ্রাম থেকে আসা শিশুদের জরাজীর্ণ স্কুলের কথা শুনেই তারা স্কুল সংস্কারের এই জাতীয় উদ্যোগ নেন।
ভারতে প্রায় ১৫ লাখ স্কুলে ২৪ কোটি ৭০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে, যার ৭০ শতাংশ সরকারি। অথচ সরকারি তথ্য অনুযায়ী, দেশের এক লাখের বেশি স্কুলে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন।
একদিকে প্রায় ২৯ লাখ শিশু এই এক শিক্ষকের ওপর নির্ভরশীল, অন্যদিকে দেশটিতে অন্তত পাঁচ হাজার শিক্ষকহীন 'ভূতুড়ে স্কুল' রয়েছে। অবকাঠামোগত এই বেহাল দশা ও শিক্ষক সংকট পুরো শিক্ষাব্যবস্থাকে অকার্যকর করে তুলছে।
শিক্ষা অধিকারকর্মী ও বিশ্লেষকদের মতে, ভারতের মোট জনসংখ্যার ৩০ শতাংশের বেশি অপ্রাপ্তবয়স্ক। আগামী ২০২৯ সালের সাধারণ নির্বাচনে এই জেন আলফা ও জেন জেড শিক্ষার্থীরাই প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবে।
কর্তৃপক্ষ যদি এখনই অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করে, তবে তরুণদের এই বিক্ষোভ আগামীতে আরও তীব্র রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন শিক্ষাবিদেরা।
সূত্র : আলজাজিরা
‘পাগল রাজা’ নয়, প্রেসিডেন্টের মতো আচরণ করুন
রাশিয়ায় অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশির প্রাণহানি
১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ আজ