ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় আনন্দের উৎসব রূপ নিয়েছে এক ভয়াবহ ট্র্যাজেডিতে। লিংওয়ালা পৌরসভার একটি ভবনে রাতভর চলা এক বিয়ের অনুষ্ঠানে হঠাৎ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জনের করুণ মৃত্যু হয়েছে।
আঞ্চলিক মেয়র নরবার্ট মুশিঙ্গা শনিবার সকালে জানান, গভীর রাতে ভবনে আগুন লাগার পর তা ভোর পর্যন্ত জ্বলতে থাকে। সরু করিডোর দিয়ে হুড়োহুড়ি করে পালাতে গিয়ে তৈরি হয় মারাত্মক ভিড়, যা প্রাণহানির প্রধান কারণ হয়ে দাঁড়ায়।
কঙ্গোলিজ প্রেস অ্যাজেন্সিকে মেয়র মুশিঙ্গা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ২২ জন নিহত হলেও পরবর্তীতে এই সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। ঘটনার পর সড়ক থেকে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেশটির উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকমিন শাবানি এই অগ্নিকাণ্ডকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।
কিনশাসার অপরিকল্পিত ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে প্রায়শই প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের মতে, শুষ্ক মৌসুমে এখানে আগুন লাগার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
সূত্র: কঙ্গোলিজ প্রেস অ্যাজেন্সি
৬ দফা না মানলে অজুহাত ছাড়াই বৃহত্তর আন্দোলন
আজ ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি