হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে গোপনে চলাচলের চেষ্টা করায় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। এ ধরনের পথে চলাচলকারী জাহাজগুলো ভয়াবহ নৌমাইনের ঝুঁকিতে রয়েছে বলেও সতর্ক করেছে বাহিনীটি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, একটি ট্যাংকার ওমানের খাসাব বন্দরের প্রবেশমুখের কাছে নৌমাইনে আঘাত হানে। অন্য একটি ট্যাংকার হরমুজ প্রণালির পূর্বদিকে অনুমোদনহীন পথে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে গোপনে চলাচলের চেষ্টা করছিল। আগের কয়েকটি ঘটনায় জড়িত ট্যাংকারগুলোর মতোই তারা একই ধরনের কৌশল অনুসরণ করে।
আইআরজিসি নৌবাহিনীর দাবি, জাহাজ দুটি তাদের অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল এবং একটি ভুয়া ও অনুমোদনহীন পথ দিয়ে চলাচলের চেষ্টা করেছিল। দক্ষিণ উপকূল ও খাসাব বন্দরের প্রবেশমুখের কাছে ট্যাংকার দুটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।
বাহিনীটি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালির পুরো অনুমোদনহীন পথজুড়ে বিপুলসংখ্যক অত্যন্ত বিধ্বংসী নৌমাইন ছড়িয়ে রয়েছে। এসব পথে চলাচলের চেষ্টা করলে জাহাজগুলো ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের সহায়তা থাকলেও অনুমোদনহীন পথে তেলবাহী ট্যাংকারের চলাচল নিরাপদ হবে না। আইআরজিসি নৌবাহিনী মার্কিন বাহিনীকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছে।
হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে আন্তর্জাতিক জলসীমার সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় বৈশ্বিক তেল সরবরাহের ক্ষেত্রে এই প্রণালির কৌশলগত গুরুত্ব রয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে যুদ্ধকালীন বিধিনিষেধ আরোপ করেছে ইরান। দেশটির দাবি, বেসামরিক জাহাজগুলোকে এই জলপথ দিয়ে চলাচলের আগে ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে।
এর আগে আইআরজিসি নৌবাহিনী অবস্থান শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে গোপনে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা না করতে জাহাজগুলোকে সতর্ক করেছিল। বাহিনীটির ভাষ্য, এ ধরনের তৎপরতা জাহাজগুলোকে নৌমাইনের বিস্ফোরণের ঝুঁকিতে ফেলতে পারে।
৩৫ হাজার টাকা বেতনে ১৮ হাজারই সন্তানের পড়াশোনায়, কোচিং নির্ভরতার চাপে পরিবার
৪ লাখ অতিথির আয়োজন, বিয়েতে বন্দুক-গুলি নিয়ে কারাগারের বন্ধু