ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ছাত্রাবাস (পেইং গেস্ট) ভবন ধসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে পৌঁছেছে। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো কেউ আটকে আছেন কি না, তা দেখতে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এএনআইয়ের প্রতিবেদনে জানা যায়, ঘটনাস্থলে ভারী ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ), দমকল বাহিনী, দিল্লি পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা ব্যক্তিদের খোঁজা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী সংস্থাগুলো এখন পর্যন্ত ১১ জন শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছে। তবে এআইআইএমএস ট্রমা সেন্টারে চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে।
পুলিশ সূত্রের খবর, রোববার দুপুর ১টা ৩৪ মিনিট নাগাদ দক্ষিণ ক্যাম্পাস থানায় ভবনটি ভেঙে পড়ার প্রথম খবর পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ‘হোস্টেল ডেজ’ নামের পাঁচতলা বিশিষ্ট এই ভবনটি মূলত পুরুষ শিক্ষার্থীদের ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হতো। ধসে পড়ার তীব্রতায় পাশের আরও একটি ভবনের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়। ভবনটিতে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা যাচাই করে মোট উপস্থিতি নিশ্চিতের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর পরই দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ), এনডিআরএফ, ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনী যৌথভাবে উদ্ধার কাজে নেমেছে। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে এবং দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের (এমসিডি) গাফিলতির অভিযোগ তুলে সিভিক সেন্টারে ভাঙচুর ও বিক্ষোভ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। তারা এমসিডি কমিশনারের পদত্যাগের দাবি জানিয়েছে।
অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
রাজধানীতে বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস