জ্বালানি তেলের দাম দ্বিগুণ করলো ইরান

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ এএম

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ জোরদারের মুখে কৌশলগত হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের অংশবিশেষে নতুন ‘নিষিদ্ধ এলাকা’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইরান। একই সঙ্গে অভ্যন্তরীণ বাজারে অতিরিক্ত ব্যবহারকারীদের জন্য পেট্রোলের দাম দ্বিগুণ করার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান মহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন নৌবাহিনীর অবরোধ রেখা থেকে পারস্য উপসাগরের নির্দিষ্ট এলাকা নিয়ে এই নিষিদ্ধ অঞ্চল গঠন করা হবে। এই এলাকায় প্রবেশকারী যেকোনো জলযানকে ইরানের নিজস্ব নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

অন্যদিকে, অভ্যন্তরীণ অর্থনীতির ওপর চাপ সামলাতে আগামী ৮ সেপ্টেম্বর সকাল থেকে পেট্রোলের তৃতীয় ধাপের দাম প্রতি লিটার ৫ হাজার তোমান থেকে বাড়িয়ে ১০ হাজার তোমান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি মুখপাত্র ফাতেমে মহাজেরানি বিষয়টি নিশ্চিত করে জানান, মাসিক কোটার প্রথম ও দ্বিতীয় ধাপের পেট্রোলের দাম অপরিবর্তিত থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ইরানি রিয়ালের মান ধারাবাহিকভাবে কমছে। বর্তমানে খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য বেড়ে ২ দশমিক ২ মিলিয়ন রিয়ালে পৌঁছেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের ওপর পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবরোধ আরোপের পরিকল্পনা প্রকাশ করেন। এর অংশ হিসেবে ওয়াশিংটন দেশটির তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে সামুদ্রিক অবরোধ ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে।

সূত্র: টাইমস নাউ

এমইউ
আরও পড়ুন