সৌদি সংঘাতে তুরস্ক-পাকিস্তানকে জড়াতে নিষেধ হুতির

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম

সৌদি আরবের সঙ্গে চলমান যুদ্ধে রিয়াদের পক্ষে অবস্থান না নিতে পাকিস্তান ও তুরস্ককে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হুথি। সম্প্রতি গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আল-বুখাইতি এ বিষয়ে দুই দেশকে সরাসরি সতর্ক করেন।

চলতি বছরের আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির প্রধান শর্ত অনুযায়ী, কোনো এক দেশের ওপর হামলা চালানো হলে তা তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

বর্তমানে সৌদি ভূখণ্ডে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। এর ফলে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে যুদ্ধে পাকিস্তান ও তুরস্কের জড়িয়ে পড়ার জোর সম্ভাবনা দেখছেন সামরিক বিশ্লেষকরা।

তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষিয়টি পরিষ্কার করে জানিয়েছে, হুথিদের বিরুদ্ধে যৌথভাবে কোনো সামরিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। পুরো বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও দাবি তাদের।

অন্যদিকে চুক্তিটিকে নিছক 'প্রতীকী' বলে আখ্যা দিয়েছেন হুথি নেতা মোহাম্মদ আল-বুখাইতি। একই সাথে তিনি হুমকি দেন, সৌদির হয়ে তুরস্ক বা পাকিস্তান সামরিক হস্তক্ষেপ করলে তাদের বড় ধরনের মূল্য চুকাতে হবে।

উল্লেখ্য, ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী প্রায় সব শহর এবং কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ এখন হুথিদের হাতে। সৌদি-সমর্থিত সরকারি বাহিনীকে পিছু হটতে বাধ্য করে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এইচএন
আরও পড়ুন