ইরাকের পার্লামেন্টের স্পিকার হাইবাত আল-হালবুসি সৌদি আরবের বিরুদ্ধে হামলা চালাতে ইরাকি ভূখণ্ড ব্যবহার করার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ-কে দেওয়া মন্তব্যে আল-হালবুসি বলেন, ইরাকের মাটি ব্যবহার করে এ ধরনের হামলা দেশটির রাষ্ট্রীয় নীতি, জাতীয় স্বার্থ এবং প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্কের সম্পূর্ণ পরিপন্থী।
তিনি জানান, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে যে হামলা চালানো হয়েছে, সেটি ইরাকের মায়সান অপারেশনাল কমান্ড এলাকা থেকে পরিচালিত হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে সরকারের তদন্তকে পার্লামেন্ট পূর্ণ সমর্থন দিচ্ছে। তদন্তে যারা জড়িত বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও উদ্যোগ নেওয়া হবে।
আল-হালবুসি আরও বলেন, ইরাকের এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো দেশকে এবং পুরো অঞ্চলকে আরও বড় ধরনের উত্তেজনা ও সংঘাতের দিকে যাওয়া থেকে রক্ষা করা।
সূত্র: আল-জাজিরা
জাতীয় স্বার্থ নিয়ে আপস নয়: আমির হাতামি
রাশিয়ায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত