ভূমধ্যসাগরে মিশর-গ্রিসের যৌথ সামরিক মহড়া

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

ভূমধ্যসাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে মিশর ও গ্রিস। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মিশরীয় সেনাবাহিনী জানিয়েছে, ‘মেডুসা-১৫’ নামের এই সামরিক মহড়া কয়েক দিন ধরে ভূমধ্যসাগর এবং গ্রিসের কয়েকটি বিমানঘাঁটিতে অনুষ্ঠিত হবে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় মিশর ও গ্রিসের নৌ, বিমান, আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা ও বিশেষ বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন। এর মধ্যে প্যারাট্রুপার ও কমান্ডো ইউনিটও রয়েছে। মিশরীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মহড়ায় ফ্রান্স, ইতালি এবং গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনের বাহিনীও অংশ নিচ্ছে।

মহড়ার শুরুতে মিশর ও গ্রিসের নৌবাহিনী গ্রিসের উদ্দেশে যাত্রাপথে একটি সমুদ্রপথ অতিক্রমের অনুশীলন করে। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে যুদ্ধের কৌশলগত ধারণা সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হয়। মহড়ায় বিভিন্ন ধরনের হুমকির বিরুদ্ধে নৌ ও আকাশযুদ্ধ পরিচালনা এবং সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর অংশ হিসেবে নৌ ও বিমান অভিযানের ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হওয়ার কথা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মহড়ায় সরাসরি গোলাবর্ষণের অনুশীলন এবং প্রচলিত নয় এমন বিভিন্ন হুমকি মোকাবিলার প্রশিক্ষণও থাকবে। এর মাধ্যমে অংশগ্রহণকারী বাহিনীগুলোর উন্নত প্রশিক্ষণ ও পেশাদারিত্বের সক্ষমতা তুলে ধরা হবে। মিশর ও গ্রিসের মধ্যে ‘মেডুসা’ সামরিক মহড়ার যাত্রা শুরু হয় ২০১৫ সালের ডিসেম্বরে। এরপর থেকে দুই দেশের সামরিক সহযোগিতার অংশ হিসেবে এ ধরনের মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে।

জেএম
আরও পড়ুন