আল-আকসা প্রাঙ্গণে জোর করে ইসরায়েলিদের প্রবেশ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীর একটি দল দখলদার বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করেছে। জেরুজালেম গভর্নরেটের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ১৬৯ জন ইহুদি ছিল ওই দলে।

ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা জানায়, ‘বাব আল-মাঘারিবাহ’ (মরক্কান গেট) দিয়ে প্রবেশের পর অবৈধ বসতি স্থাপনকারীরা মসজিদের আঙিনায় তালমুদীয় ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে। আল-আকসা চত্বরে অমুসলিমদের পরিদর্শনের অনুমতি থাকলেও, ১৯৬৭ সালের স্ট্যাটাস কো বা বিদ্যমান পরিস্থিতি বিষয়ক চুক্তি অনুযায়ী সেখানে কোনো ধরনের প্রার্থনা বা ধর্মীয় উপাসনা করার অনুমতি নেই।

কট্টরপন্থি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো ইহুদি নববর্ষ উদযাপনের অজুহাতে আল-আকসা মসজিদে দলে দলে অনুপ্রবেশের জন্য তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে। ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি কর্তৃপক্ষ ইহুদি ছুটির দিনগুলোকে কাজে লাগিয়ে রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে।

জেএম
আরও পড়ুন