যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন ট্রাম্প

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

যুক্তরাষ্ট্র সফরে আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিমানবন্দরে নিজে উপস্থিত থেকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসির ঠিক বাইরে অবস্থিত জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক বিমানঘাঁটিতে শি জিনপিং পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাবেন ট্রাম্প। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সাধারণত কোনো বিদেশী রাষ্ট্রপ্রধান বা সফররত শীর্ষ নেতাকে মার্কিন প্রেসিডেন্টের নিজে বিমানবন্দরে গিয়ে অভ্যর্থনা জানানোর ঘটনা অত্যন্ত বিরল।

হোয়াইট হাউস সফরের এই কর্মসূচি সম্পর্কে ব্রিফিংকালে মার্কিন কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই সফরে হোয়াইট হাউসের ভেতরে একটি আনুষ্ঠানিক আগমনী অনুষ্ঠান, রোজ গার্ডেনে সামরিক সংবর্ধনা এবং সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ স্টেট ডিনারের (রাষ্ট্রীয় নৈশভোজ) আয়োজন রাখা হয়েছে।

সন্ধ্যার এই নৈশভোজে বিশ্বের প্রযুক্তি খাতের প্রভাবশালী বেশ কয়েকজন শীর্ষ নির্বাহী (সিইও) উপস্থিত থাকবেন।

অতিথিদের তালিকায় রয়েছেন-অ্যামাজনের জেফ বেজোস, আলফাবেটের (গুগল) সুন্দর পিচাই, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, অ্যাপলের জন টার্নাস, টেসলার ইলন মাস্ক, এনভিডিয়ার জেনসেন হুয়াং এবং ডেল টেকনোলজিসের মাইকেল ডেল।

সফরকালে দুই শীর্ষ নেতার মধ্যকার বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিশ্ব অর্থনীতিতে বিরল মৃত্তিকা বা রেয়ার আর্থ উপাদানের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুগুলো প্রাধান্য পাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত