মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে তুরস্কে মাহান এয়ারের ফ্লাইট বন্ধ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে ইরানের বেসরকারি বিমান সংস্থা মাহান এয়ারের সঙ্গে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। আগামী ২১ সেপ্টেম্বর থেকে দেশটিতে মাহান এয়ারের সব ফ্লাইট স্থগিত করা হবে বলে তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মিডল ইস্ট আইকে দেওয়া তথ্য অনুযায়ী, সিদ্ধান্তের ফলে ইরান থেকে তুরস্ক এবং তুরস্ক থেকে ইরানে মাহান এয়ারের সব যাত্রীবাহী ফ্লাইট বন্ধ হয়ে যাবে। তবে এটি ইরানের সব বিমান সংস্থার ওপর আরোপিত কোনো সাধারণ নিষেধাজ্ঞা নয় বলে জানিয়েছেন তুর্কি কর্মকর্তারা।

চলতি মাসের শুরুতে ইরানের বেসামরিক বিমান চলাচল খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি)। নিষেধাজ্ঞার তালিকায় ইরানের বিমান সংস্থা, গ্রাউন্ড সার্ভিস প্রতিষ্ঠান, কার্গো কোম্পানি এবং উড়োজাহাজের যন্ত্রাংশ সরবরাহকারীদের অন্তর্ভুক্ত করা হয়।

মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার জন্য সংশ্লিষ্টদের একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়। পাশাপাশি তৃতীয় কোনো দেশের প্রতিষ্ঠান এসব নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি সংস্থাকে সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।

মাহান এয়ারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকার অভিযোগে তুরস্কের তিন প্রতিষ্ঠান সি সিস্টেম, মেস কার্গো ও স্কাই ফিনিক্সকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো মাহান এয়ারকে উড়োজাহাজের যন্ত্রাংশ সরবরাহ, বিক্রয়সংক্রান্ত বিভিন্ন সেবা এবং উড়োজাহাজ কেনার ক্ষেত্রে সহযোগিতা করেছে।

তুরস্কের এক কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, মাহান এয়ারের সঙ্গে সম্পর্কের কারণে দেশটির তিন প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ঘটনা তুরস্কে বিমান সংস্থাটির কার্যক্রমের সঙ্গে যুক্ত অন্যান্য সেবা খাতের জন্যও ঝুঁকির বিষয়টি স্পষ্ট করেছে।

ওই কর্মকর্তা জানান, বিমানবন্দর পরিচালনা, গ্রাউন্ড হ্যান্ডলিং, টিকিট বিক্রি থেকে শুরু করে ব্যাংকিং সেবা পর্যন্ত মাহান এয়ারের সঙ্গে যুক্ত তুর্কি প্রতিষ্ঠানগুলো মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারে। এর ফলে সংশ্লিষ্ট সেবায় বিঘ্ন ঘটার পাশাপাশি অতিরিক্ত তদন্তের মুখোমুখি হওয়ার আশঙ্কাও রয়েছে।

তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে পরিচালিত অন্যান্য ইরানি বিমান সংস্থার কার্যক্রমও ঝুঁকির দিক থেকে পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে ইরান ও তুরস্কের দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তি, উড়োজাহাজের নিরাপত্তা এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অতিরিক্ত নিষেধাজ্ঞার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।

তুরস্কে মাহান এয়ার নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছিল। ইস্তাম্বুল ও তেহরানের মধ্যে প্রতিদিন অন্তত তিনটি ফ্লাইট চলাচল করত বলে জানা গেছে।

এদিকে তুরস্কের ফ্লাইট বন্ধের সিদ্ধান্তের বিষয়টি শুক্রবার মাহান এয়ারও নিশ্চিত করেছে। বিমান সংস্থাটি জানিয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে তুরস্কে যাওয়া-আসার সব ফ্লাইট বন্ধ থাকবে। একই সঙ্গে ওমান ও জর্জিয়ায় পরিচালিত তাদের ফ্লাইটও স্থগিত করা হবে।

এম.সি. এইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত