কমতে থাকা জন্মহার, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং অভিবাসন হ্রাসের কারণে ভবিষ্যতে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী ২০৬০ সালের মধ্যে দেশটিতে জন্মের চেয়ে মৃত্যুর সংখ্যা বেশি হবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত এক আন্তঃপ্রজন্ম প্রতিবেদনে দেশটির অর্থ মন্ত্রণালয় আগামী চার দশকের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য পাঁচটি প্রধান চ্যালেঞ্জ চিহ্নিত করেছে। এগুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভূ-রাজনৈতিক বিভাজন, জ্বালানি রূপান্তর, বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং সেবাভিত্তিক অর্থনীতির দিকে রূপান্তর।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী চার দশকে জনসংখ্যা বৃদ্ধির হার কমে বছরে ০.৯ শতাংশে দাঁড়াবে, যা বিগত ৪০ বছরের গড়ে ১.৪ শতাংশ ছিল।
অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জিম চালমার্স এক বক্তব্যে জানান, "ইতিহাসে প্রথমবারের মতো ২০৬০-এর দশকে জন্মের চেয়ে মৃত্যুর সংখ্যা বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। ২০৬৬ সালের মধ্যে ৮৫ বছরের বেশি বয়সী অস্ট্রেলিয়ানদের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পাবে, যা স্বাস্থ্য পরিষেবার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।"
বহু দশক ধরে নিম্ন জন্মহারের ঘাটতি মেটাতে অভিবাসনের ওপর নির্ভর করলেও সম্প্রতি অভিবাসন নীতি কঠোর করেছে বর্তমান লেবার সরকার। এর ফলে জাপান, জার্মানি এবং দক্ষিণ কোরিয়ার মতো উন্নত অর্থনীতিগুলোর মতো একই ডেমোগ্রাফিক সঙ্কটের মুখে পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া। প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে যে, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য ও বয়স্ক পরিচর্যা খাতে চরম শ্রমিক সংকট দেখা দেবে যে খাতগুলো মূলত অভিবাসী শ্রমিকদের ওপর নির্ভরশীল।
সূত্র: রয়টার্স।
হ্যাকারদের গোপন সংঘাত প্রকাশ্যে, ডার্ক ওয়েবে তোলপাড়