জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্য চলাকালেই হঠাৎ মঞ্চ থেকে তিনি নিজের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে খুঁজতে শুরু করেন।
ভাষণ থামিয়ে ট্রাম্প কৌতূহল ভরে প্রশ্ন করেন, ‘আমাদের ফার্স্ট লেডি কোথায়? তিনি নিশ্চয়ই আশপাশেই আছেন।’ মুহূর্তের মধ্যেই ক্যামেরা ঘুরিয়ে দর্শকসারিতে থাকা মেলানিয়াকে দেখায় সিসিটিভি, আর তিনি হাসিমুখে হাত নেড়ে সাড়া দেন।
মূলত মেলানিয়ার মানবিক কর্মকাণ্ড তুলে ধরতেই বিশ্বমঞ্চে তাকে স্মরণ করেন ট্রাম্প। তিনি জানান, রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া শিশুদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কাজে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফার্স্ট লেডি।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মেলানিয়ার বিশেষ উদ্যোগে অন্তত ৩৪টি শিশুর পারিবারিক পুনর্মিলন সম্ভব হয়েছে। চলতি বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বিশেষ বৈঠকেও তিনি সভাপতিত্ব করেছিলেন।
ভাষণে ট্রাম্প মেলানিয়ার বিশ্বব্যাপী আলোচিত জোট ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এর ভূয়সী প্রশংসা করেন। ২০২৫ সালে চালু হওয়া এই মানবিক জোটটি শিশুদের শিক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে কাজ করছে।
হোয়াইট হাউস জানায়, এবারের সাধারণ পরিষদ অধিবেশন চলাকালে এই জোটের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে নতুন করে বৈঠক করেছেন ফার্স্ট লেডি। বর্তমানে এই বৈশ্বিক উদ্যোগে বিশ্বের ৫৭টি দেশ যুক্ত রয়েছে।
শিশুদের ডিজিটাল নিরাপত্তা সমৃদ্ধ করতে এ প্ল্যাটফর্মটির সাথে ইতিমধ্যে অ্যাডোবি, অ্যামাজন, ইন্টেল, স্টারলিংক, গুগল ও জুমের মতো প্রযুক্তিভিত্তিক পরাশক্তিগুলো নতুন অংশীদারিত্বে যুক্ত হয়েছে বলে জানা গেছে।
রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব