যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দীর্ঘ ছয় মাস ধরে চলা সংঘাতে ওয়াশিংটন কঠোর অবস্থানে রয়েছে। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, তেহরানের সঙ্গে হয় সমঝোতা হবে, না হয় সামরিক শক্তি দিয়ে তাদের গুঁড়িয়ে দেওয়া হবে।
সংঘাত শুরুর পর থেকে মার্কিন ১৮ জন সেনা সদস্যের প্রাণহানির বিপরীতে প্রায় সাড়ে চার হাজার ইরানি নিহত হয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। এছাড়া দেশটির সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা প্রায় পুরোপুরি ভেঙে পড়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।
টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে সম্প্রতি পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তসহ তেহরানের বর্তমান প্রস্তাব ওয়াশিংটনের চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।
যুদ্ধ দীর্ঘায়িত করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি প্রতিহত করতেই এই সামরিক অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতে তেহরান যাতে কোনোভাবেই নতুন করে পুনর্গঠিত হতে না পারে, সে বিষয়টিও নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র।
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে বড় ধরনের নতুন বোমা হামলা চালানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি মার্কিন এই প্রেসিডেন্ট। তার মতে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর একমাত্র উপায় হলো কঠোর সামরিক ব্যবস্থা বজায় রাখা।
সূত্র: টাইম ম্যাগাজিন
এক ভিসায় ২৯ দেশ ভ্রমণ, শেনজেন সম্পর্কে ৯ প্রশ্নের উত্তর
রোনালদো ছাড়াই ডেনমার্ককে উড়িয়ে দিল পর্তুগাল