মসজিদুল হারামে আত্মঘাতী হামলার খবর ভিত্তিহীন: সৌদি আরব

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ এএম

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর প্রধান মসজিদ বা মসজিদুল হারামে কোনো আত্মঘাতী বোমা হামলা বা এ ধরনের চেষ্টার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুঞ্জন বা খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে তারা।

শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সরকারি বিবৃতিতে জানানো হয়, সাধারণ পথচারীদের উত্যক্ত করা এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করে আতঙ্ক ছড়ানোর অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তাকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হয়েছে।

বিবৃতিতে আরও স্পষ্ট করা হয়, "ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে সমস্ত দাবি বা গুঞ্জন ছড়ানো হয়েছে, তার বিন্দুমাত্র সত্যতা নেই।" তবে গ্রেপ্তার হওয়া ওই সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, বিস্ফোরক ভেস্ট পরিহিত এক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী ইসলাম ধর্মের পবিত্রতম স্থান কাবার কাছাকাছি চলে এসেছিল এবং পরে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তাকে আটক করা হয়।

সূত্র: আনাদোলু

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত