ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি জেলেনস্কি।
এ সময় রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলারও সমালোচনা করেন ট্রাম্প। তাঁর দাবি, এসব হামলার ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের সংকট আরও তীব্র হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার বিভিন্ন স্থাপনায় ইউক্রেনের হামলা নিয়ে ওয়াশিংটনের আপত্তি না থাকলেও তেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু না করতে কিয়েভকে একাধিকবার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির আশঙ্কা, এসব হামলায় বৈশ্বিক ডিজেল সরবরাহ ব্যাহত হতে পারে।
ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ। তিনি মন্তব্যটিকে ‘ঐতিহাসিক’ ও ‘তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেছেন। দিমিত্রিয়েভের মতে, ইউক্রেনের এমন নেতৃত্ব প্রয়োজন, যারা শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেবে।
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা নিয়ে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতবিরোধ নতুন নয়। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলা বন্ধ করতে ওয়াশিংটন একাধিকবার কিয়েভকে অনুরোধ জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের দাবি, হামলার কারণে দেশটিতে জ্বালানির দাম বাড়ছে।
এদিকে রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞায় ছাড় দিয়েছে ট্রাম্প প্রশাসন। গত ৯ অক্টোবর জারি করা মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সাধারণ লাইসেন্স ১৩৫ অনুযায়ী, রাশিয়ায় উৎপাদিত ডিজেল কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট লেনদেন ২০২৭ সালের ৭ এপ্রিল পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সূত্র: শাফাক নিউজ
ইরানবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের ২১ সেনা নিহত, আহত ৮৬৫