রিয়াদে ২৯১ ফ্লাইট বাতিল, সতর্কতা জারি

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় রিয়াদ বিমানবন্দরের অন্তত ২৯১টি ফ্লাইট বাতিল হয়েছে। এয়ার ইন্ডিয়া, ফ্লাইদুবাই, লুফথানসা গ্রুপ ও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসসহ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা বিভিন্ন সময়ের জন্য রিয়াদ ও সৌদি আরবের অন্য বিমানবন্দরগামী এবং সেখান থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট স্থগিত করেছে।

ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) সৌদি আকাশসীমা নিয়ে তাদের সতর্কতা সম্প্রসারণ করেছে। সংস্থাটি জানিয়েছে, সৌদি আরবের গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার হুথিদের সক্ষমতা এবং বিমান চলাচল অবকাঠামোর ওপর হামলার ঝুঁকি বেড়েছে।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি সেগুলো প্রতিহত করার সামরিক তৎপরতায় বেসামরিক বিমানকে ভুল করে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত করার ঝুঁকিও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

জাতিসংঘে ইয়েমেন সরকারের কূটনৈতিক উদ্যোগ

হুথিদের হামলার হুমকি নিয়ে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বুধবার এডেন বিমানবন্দরে হুথিদের হামলার বিষয়ে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদে চিঠি দিয়েছে।

জাতিসংঘে ইয়েমেনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-সাদির পাঠানো ওই চিঠিতে হামলার নিন্দা, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং হুথিদের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা পূর্ণাঙ্গভাবে কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।

ইয়েমেন সরকার বলেছে, এ ধরনের হুমকি মোকাবিলায় এর মূল কারণগুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে দেশটির কিছু এলাকায় সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং বেসামরিক মানুষ, অবকাঠামো ও আন্তর্জাতিক নৌ চলাচলের বিরুদ্ধে ব্যবহৃত তাদের সামরিক সক্ষমতা।

সৌদি আরবও বারবার সতর্ক করে বলেছে, ইয়েমেনের ভূখণ্ড ব্যবহার করে দেশটির ওপর হামলা চালানো এবং আঞ্চলিক নিরাপত্তা ও সামুদ্রিক চলাচলকে হুমকির মুখে ফেলা গ্রহণযোগ্য নয়।

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলা এবং দেশের অন্য গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঘটনার পর সৌদি আরবের প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্রের অবস্থান এবং আন্তর্জাতিক বিমান চলাচলে এর প্রভাব এখন পরিস্থিতির গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত