আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১১ হাজার ৯১৫ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশজুড়ে যৌথ অভিযান চালিয়ে ১০ হাজার ৭৮৩ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার (২১ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। এদিকে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত অপরাধের আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন ৪০ হাজার ৯৪১ জন প্রবাসী। তাদের মধ্যে ৩৮ হাজার ৭৩০ জন পুরুষ এবং ২ হাজার ২১১ জন নারী।
মন্ত্রণালয় জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ২৫০ জনকে ভ্রমণসংক্রান্ত নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। আরও ১০ হাজার ৮১৪ জনকে দেশে ফেরার ভ্রমণপ্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। মোট ১১ হাজার ৯১৫ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। তবে এই বহিষ্কারের সংখ্যা নতুন করে গ্রেপ্তার হওয়া ১০ হাজার ৭৮৩ জনের সংখ্যার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। অর্থাৎ, বহিষ্কৃত সবাই ওই সপ্তাহের অভিযানে আটক হয়েছিলেন, এমন নয়।
এছাড়া সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৭৩ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ২৮ জন। একই সঙ্গে আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োগের অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশে সহায়তা, দেশটির ভেতরে আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও জব্দ করা হতে পারে। পাশাপাশি দোষীদের নাম প্রকাশের বিধান রয়েছে।
সূত্র: গালফ নিউজ
নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা ঘোষণা মোদির
ভারতের একাধিক স্থানে বোমা হামলার হুমকি, সতর্কতা জারি