রিয়াদের মঙ্গোলীয় বাজপাখির দাম উঠলো ১৪ লাখ সৌদি রিয়াল

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত এক নিলামে মঙ্গোলিয়া থেকে আসা একটি বাজপাখি বিক্রি হয়েছে ১৪ লাখ সৌদি রিয়ালে। বিরল এই পাখিকে ঘিরে নিলামে ব্যাপক আগ্রহ তৈরি হয়। বাংলাদেশি মুদ্রায় এ দাম প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকার সমান, যদিও বিনিময় হার অনুযায়ী অঙ্কটি পরিবর্তিত হতে পারে। নিলামটিতে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ দামে বাজপাখি বিক্রির রেকর্ড।

নিলামের পঞ্চম রাতে তিনটি অপ্রাপ্তবয়স্ক সাকার প্রজাতির বাজপাখি মোট ১৬ লাখ ৫১ হাজার সৌদি রিয়ালে বিক্রি হয়। এর মধ্যে প্রথমটি বিক্রি হয় ১ লাখ ৫১ হাজার রিয়ালে এবং দ্বিতীয়টি ১ লাখ রিয়ালে। তৃতীয় বাজপাখিটির নিলাম শুরু হয় ১ লাখ রিয়াল থেকে। পরে দর বেড়ে ১৪ লাখ রিয়ালে পৌঁছায়। এতে পাখিটি নিলামের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বাজপাখিতে পরিণত হয়।

সৌদি আরব ও আশপাশের অঞ্চলের বাজপাখিপ্রেমীদের মধ্যে মঙ্গোলীয় বাজপাখির জনপ্রিয়তার কথা বিবেচনায় নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো প্রদর্শনীতে এদের জন্য আলাদা একটি অঞ্চল রাখা হয়েছে। সেখানে মঙ্গোলিয়া থেকে আনা বিভিন্ন প্রজাতির বাজপাখি প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সাকার প্রজাতির বাজপাখি, যা বড় আকার, দীর্ঘ ডানার বিস্তার ও দীর্ঘ সময় ধরে উড়তে পারার সক্ষমতার জন্য বিশেষভাবে সমাদৃত।

এসব বাজপাখির পালকের রং হালকা থেকে গাঢ় বাদামি পর্যন্ত হয়ে থাকে। পালকের রঙের এই বৈচিত্র্য বাজপাখি পালনকারী ও শৌখিনদের কাছে এগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

নিলামে দর্শনার্থীরা সরাসরি পাখি দেখার পাশাপাশি দর হাঁকানোর সুযোগ পাচ্ছেন। বিভিন্ন দেশের ও সংস্কৃতির বাজপাখিপ্রেমীদের অংশগ্রহণের মাধ্যমে প্রদর্শনীটির আন্তর্জাতিক পরিসরও বিস্তৃত হচ্ছে।

গত বছর প্রদর্শনীর উদ্বোধনী নিলামে দুটি সাকার প্রজাতির বাজপাখি মোট ২ লাখ ৪৫ হাজার সৌদি রিয়ালে বিক্রি হয়েছিল। অন্য এক সন্ধ্যায় চারটি বাজপাখি বিক্রি হয় ৬ লাখ ৫২ হাজার রিয়ালে।

এমইউ
আরও পড়ুন