সৌদির রিয়াদ দাম্মামসহ বিভিন্ন শহরে ভয়াবহ বিস্ফোরণ 

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪০ এএম

ইয়েমেনের রাজধানী সানায় হুথি নিয়ন্ত্রিত জ্বালানি স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার পর সৌদি আরবের রিয়াদ, দাম্মাম ও ধাহরানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব ও হুথিদের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সানায় আল-সাবাহা কেন্দ্রীয় জ্বালানি স্থাপনায় হামলার আগে সৌদি নেতৃত্বাধীন জোট স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা ছেড়ে যাওয়ার সতর্কতা দেয়। হামলার পর রাজধানী সানাজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

একই রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদ, পূর্বাঞ্চলীয় শহর দাম্মাম ও ধাহরানেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, তারা রিয়াদের আকাশে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করেছে। ধাহরানে সৌদি আরবের বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর স্থাপনা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনার কথা বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার হুথিরা আরামকোর জ্বালানি স্থাপনা ও কার্যালয়ের আশপাশে অবস্থানরত কর্মী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কতা দেয়। এসব স্থাপনাকে তারা ‘বৈধ লক্ষ্যবস্তু’ বলে উল্লেখ করে। একই সঙ্গে রিয়াদের বিভিন্ন স্থাপনায় হামলার হুমকিও দেয়।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি মঙ্গলবার বলেন, সানায় যেকোনো লক্ষ্যবস্তুতে হামলার জবাবে সৌদি রাজধানী রিয়াদে ‘কঠোর ও বেদনাদায়ক’ প্রতিক্রিয়া জানানো হবে। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে সানার আল-সাবাহা কেন্দ্রীয় জ্বালানি স্থাপনার আশপাশের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়ার পর হুথিদের এই হুমকি আসে। সানায় সৌদি হামলার পর আকাশে আগুন ও ধোঁয়ার বিশাল মেঘ দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি মিডল ইস্ট আই।

গত কয়েক দিনে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হুথিদের হামলার খবরের পর এই পাল্টাপাল্টি আক্রমণ শুরু হয়। জুলাইয়ে সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর সানায় প্রথমবারের মতো বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় সৌদি নেতৃত্বাধীন জোট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে লোহিত সাগরসংলগ্ন ইয়েমেনের হোদেইদা প্রদেশে একটি তেল কোম্পানিতে হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুথিরা। তবে এ দাবির বিষয়ে প্রতিবেদনে স্বাধীনভাবে যাচাই করা তথ্য দেওয়া হয়নি।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত