ভারতের বিহারে চলন্ত ট্রেন থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে যাত্রীদের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। জানালা দিয়ে ফোন টান দেওয়ার সময় যাত্রীরা তাঁর হাত শক্ত করে ধরে ফেলেন। ফলে ট্রেন চলতে শুরু করলে তাঁকে জানালার বাইরে ঝুলে থাকতে হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিহারের ভাগলপুর জেলার শিবনারায়ণপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় ওই ব্যক্তি জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় কামরার ভেতরে থাকা যাত্রীরা তাঁর হাত শক্ত করে ধরে ফেলেন। ট্রেন চলতে শুরু করলেও তাঁকে ছাড়েননি তাঁরা। এতে চলন্ত ট্রেনের বাইরে ঝুলে থাকতে বাধ্য হন ওই ব্যক্তি।
ভিডিওতে দেখা যায়, ট্রেনটি সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি নিজেকে সামলে রাখার চেষ্টা করছেন। এদিকে স্টেশনে উপস্থিত লোকজন ঘটনাটি দেখছিলেন। কিছু দূর ঝুলে থাকার পর তিনি স্থানীয় একটি প্ল্যাটফর্মে পড়ে যান। পরে সেখানকার নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করেন।
ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, চুরির চেষ্টার জন্য ওই ব্যক্তির উপযুক্ত শাস্তি হওয়া উচিত। আবার অনেকে তাঁর সঙ্গে এমন আচরণকে অমানবিক বলে মন্তব্য করেছেন।
সূত্র: এনডিটিভি।
দুপুরে হাসিনার খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ