যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ধারাবাহিক ডাকাতি করে ২ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য লুটের অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির বিচার বিভাগ। ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত অন্তত ৩৬টি ট্রেনে এসব ডাকাতি চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। লুট করা পণ্যের মধ্যে ছিল হাজার হাজার জোড়া নাইকি জুতা, বিভিন্ন যন্ত্রপাতি ও যন্ত্রাংশ।
যুক্তরাষ্ট্রের পুরোনো পশ্চিমাঞ্চলের দস্যুদের মতো পরিকল্পিতভাবে এসব ডাকাতি চালানো হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। লুট করা পণ্য পরে কালোবাজারে বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি বিল এসাইলি বলেন, ‘চুরির পরিমাণ বিস্ময়কর।’
অভিযোগ অনুযায়ী, ‘লস ত্রেনেস’ (ট্রেনগুলো) নামে পরিচিত চক্রটির নেতৃত্বে ছিলেন ২১ বছর বয়সী নাথান ড্যানিয়েল অ্যাঞ্জেল। তাঁর বাবা ও দুই চাচাসহ সহযোগীরা চলন্ত মালবাহী ট্রেনে উঠে ডাকাতির প্রস্তুতি নিতেন। আদালতে জমা দেওয়া গ্র্যান্ড জুরি অভিযোগপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। তবে অ্যাঞ্জেল বা অন্য অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবীর নাম আদালতের নথিতে পাওয়া যায়নি।
যেভাবে থামানো হতো চলন্ত ট্রেন
অভিযোগপত্র অনুযায়ী, চক্রটির সদস্যরা চলন্ত ট্রেনে উঠে কয়েকজনকে পাহারার দায়িত্ব দিতেন। অন্যরা ট্রেনের এয়ার হোস কেটে দিতেন। এতে বায়ুচাপ হঠাৎ কমে গিয়ে ট্রেনের জরুরি ব্রেক সক্রিয় হতো এবং পুরো ট্রেন থেমে যেত। এভাবে ট্রেন থামানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ; এতে ট্রেন লাইনচ্যুত হওয়ার আশঙ্কাও থাকে।
ট্রেন থেমে যাওয়ার পর চক্রের অন্য সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে মালামাল লুট করতেন। পরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বাড়িতে এসব পণ্য লুকিয়ে রাখা হতো বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে তোলা একটি ছবিও আদালতের নথিতে যুক্ত করা হয়েছে। ছবিতে নাথান ড্যানিয়েল অ্যাঞ্জেলকে নাইকির পণ্যে ভর্তি কয়েকটি বাক্সের সামনে সেলফি তুলতে দেখা যায়।
ওই বছরের অক্টোবরে ২৭ বছর বয়সী ডন্টা হেজম্যান চলন্ত একটি নাইকি পণ্যবাহী ট্রেনের কনটেইনারের তালা করাত দিয়ে কাটেন বলে ভিডিও প্রমাণের বরাত দিয়ে অভিযোগে বলা হয়েছে।
২০২৫ সালে বাড়ে ডাকাতির ঘটনা
২০২৫ সালে চক্রটির তৎপরতা আরও বেড়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে শুরু করেছে এমন ইঙ্গিতও পাওয়া যায়।
১৭ এপ্রিল ২০২৫ সালে ২৩ বছর বয়সী কার্লোস লুইস ফার্নান্দো মার্টিনেজকে এক সহযোগী বার্তা পাঠিয়ে জানান, চোরাই মাল গ্রহণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি লেখেন, পুলিশ জানতে চাইছে তিনি কার কাছ থেকে পণ্য পেয়েছেন এবং অন্য জোড়াগুলো কার কাছে রয়েছে। জবাবে মার্টিনেজ তাঁকে এনক্রিপ্টেড বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যালের মাধ্যমে যোগাযোগ করতে বলেন।
এর ১২ দিন পর চক্রটি মিলওয়াকি টুলের একটি চালান থেকে ১ হাজার ১৭০টি যন্ত্রপাতি এবং ১৭ হাজার যন্ত্রাংশ লুট করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের শরতে চক্রটির কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য কেনা একটি প্রতিষ্ঠানের আশপাশে পুলিশকে ঘোরাফেরা করতে দেখা যায়। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক সহযোগী মার্টিনেজকে বার্তা পাঠান। সেখানে তিনি লেখেন, পুলিশ যদি তদন্ত গভীরে নিয়ে যায়, তাহলে তাদের বিপদে পড়তে হবে।
২০২৬ সালের ১৬ জানুয়ারি নাথান অ্যাঞ্জেল ও ২৫ বছর বয়সী ফ্রেডি মারকিনা এক সহযোগীর পুলিশি গ্রেপ্তারের বিষয়েও বার্তা বিনিময় করেন। তাঁদের কথোপকথনে বলা হয়, জর্জ নামের এক ব্যক্তিকে চোরাই পণ্য কেনা ও গ্রহণের অভিযোগে পুলিশ আটক করেছে।
তবে গ্রেপ্তারের ঝুঁকি বাড়লেও ২০২৬ সালের গ্রীষ্মে চক্রটির ডাকাতি অব্যাহত ছিল বলে অভিযোগে বলা হয়েছে।
ডাকাতি নিয়ে এআই তৈরি ছবি
২০২৬ সালের জুলাইয়ে ২৪ বছর বয়সী অ্যাঞ্জেল সানচেজ চক্রটির ডাকাতি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। ছবিতে মুখোশধারী কয়েকজন ব্যক্তিকে বার্লিংটন নর্দার্ন সান্তা ফে রেলওয়ের (বিএনএসএফ) চলন্ত ট্রেন থেকে নাইকির জুতা বিলাসবহুল গাড়িতে ছুড়ে ফেলতে দেখা যায়। গাড়িগুলোতে ‘লস ত্রেনেস’ লেখা ছিল। ওপরে একটি হেলিকপ্টারকে সার্চলাইট জ্বালিয়ে চক্কর দিতে দেখা যায়।
যে শাস্তি হতে পারে
অভিযোগ প্রমাণিত হলে ষড়যন্ত্রের দায়ে অভিযুক্তদের অন্তত পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। আন্তঃরাজ্য রেলপথে চুরির অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। আর রেল পরিবহন সংস্থার বিরুদ্ধে সহিংসতার অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।
প্রসিকিউটররা জানিয়েছেন, ১৪ মাসের তদন্তের পর চলতি সপ্তাহে এই বড় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির জেলা অ্যাটর্নি নাথান হকম্যান বলেন, ‘আমরা এই গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখতে এবং পণ্যগুলো যাতে কালোবাজারে না গিয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছায়, তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি বৈঠকে বসছে কাল
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
যুদ্ধক্ষেত্রে শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: মুসাভি