বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বাড়াচ্ছে ইরান

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ এএম

ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বাড়িয়ে ৭০০ করার পরিকল্পনা নিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম। বুধবার (২৮ অক্টোবর) সংস্থাটির প্রধান আলেক্সেই লিখাচেভ এ তথ্য জানিয়েছেন।

মেহের নিউজ এজেন্সির (এমএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, বুশেহর কেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নেওয়ার পরিবর্তে সেখানে জনবল ও কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে মস্কো।

রোসাটমের প্রধান বলেন, ‘আমরা শুধু বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নেব না, বরং সেখানে সক্ষমতা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মীর সংখ্যা ৭০০-তে উন্নীত করতে চাই।’

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও সেবা কার্যক্রমে ১৯২ জন রুশ বিশেষজ্ঞ কাজ করছেন। তাঁদের সঙ্গে আরও ৫০০ জনের বেশি বিশেষজ্ঞ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে সেখানে রুশ কর্মীর সংখ্যা ৭০০ জনে উন্নীত হতে পারে।

এদিকে, ইরানে নতুন কয়েকটি স্থানে বড় ও ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সম্ভাবনাও বিবেচনা করছে রোসাটম। সংস্থাটির প্রধান এর আগে রাশিয়া ও কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে জানিয়েছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে নতুন কয়েকটি বিদ্যুৎ ইউনিট নির্মাণের জন্য স্থান নির্ধারণসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এদিকে, গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার রাতে মস্কো পৌঁছেছেন। সফরকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তাঁর বৈঠক হয়েছে।

বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ জনবল বাড়ানোর পরিকল্পনা এবং ইরানে নতুন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে দুই দেশের সহযোগিতা মস্কো ও তেহরানের জ্বালানি অংশীদারত্বের ধারাবাহিকতা তুলে ধরে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত