সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৩ এএম

ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পেয়েছেন গাদি আইজেনকোট। পার্লামেন্ট নির্বাচনে তার নিজস্ব ব্লক এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট—কারোই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর, ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ রোববার ‘ইয়াশার’ পার্টির নেতা গাডি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।

ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার 'কান'-এর তথ্য অনুযায়ী, পশ্চিম জেরুসালেমে প্রেসিডেন্টের বাসভবনে হারজোগের সাথে এক বৈঠকে আইজেনকোট আনুষ্ঠানিকভাবে পরবর্তী সরকার গঠনের এই ম্যান্ডেট গ্রহণ করেন।

নেসেটে (ইসরাইলি পার্লামেন্ট) প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সাথে প্রেসিডেন্ট হারজোগের পরামর্শ সভার পর এই নিয়োগের বিষয়টি আসে। বৈঠকে ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটকে সমর্থন জানান, ৪৬ জন নেতানিয়াহুকে সমর্থন করেন এবং সাতজন কোনো প্রার্থীকেই সুপারিশ করা থেকে বিরত থাকেন।

ইসরাইলি আইন অনুযায়ী, একটি শাসক জোট গঠনের জন্য আইজেনকোটের হাতে ২৮ দিন সময় থাকবে। প্রেসিডেন্ট চাইলে এই সময়সীমা সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত বাড়াতে পারেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট হারজোগ জানান যে, সরকার গঠনের জন্য আইজেনকোট স্পষ্ট সমর্থন পেয়েছেন।

তিনি বলেন, ইসরাইলের একটি 'স্থিতিশীল সরকার' প্রয়োজন। একই সাথে তিনি ইসরাইলি সমাজকে একত্রিত করার প্রচেষ্টা চালানো, গাজা ভূখণ্ডের জন্য ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি বজায় রাখা, অঞ্চলের অন্যান্য দেশগুলোর সাথে আলোচনা চালানো, যুক্তরাষ্ট্রের পরিস্থিতির বিকাশ অনুযায়ী সাড়া দেওয়া এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টির সমাধান করার আহ্বান জানান।

‘প্রত্যাবর্তনের অযোগ্য বিন্দু’

ম্যান্ডেট গ্রহণের পর আইজেনকোট জানান যে, তিনি 'গভীর দায়িত্ববোধ এবং এই গুরুভারের সচেতনতা থেকে' এই কাজ হাতে নিচ্ছেন। সেই সাথে তিনি সতর্ক করে দেন যে, ইসরাইল এক 'গুরুতর জাতীয় জরুরি অবস্থার' মুখোমুখি।

তিনি বলেন, 'যুদ্ধের লক্ষ্যসমূহ এখনো অর্জিত হয়নি, বিপরীতে আমরা এক মারাত্মক রাজনৈতিক ও কূটনৈতিক সংকটের মুখোমুখি হয়েছি।' তিনি আরো যোগ করেন যে, ইসরাইলের নিকটতম মিত্ররাও দেশটির সাথে সম্পর্ক পুনর্বিবেচনার দাবি জানাচ্ছে।

আইজেনকোট বলেন, 'ইসরাইল তার গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এটি এমন এক জায়গায় গিয়ে ঠেকবে যেখান থেকে আর ফেরা সম্ভব নয়।' তিনি একটি নতুন নেতৃত্বের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পরিস্থিতিতে বিলম্ব কিংবা নতুন কোনো নির্বাচনের সুযোগ নেই উল্লেখ করে তিনি একটি 'জাতীয় জরুরি সরকার' গঠনের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন।

তিনি আরো যোগ করেন, 'গত কয়েক বছরের কঠিন সময়ের পর ইসরাইলের এখন দিক পরিবর্তন বা গতিপথ বদলানো প্রয়োজন।'

আইজেনকোট নেতানিয়াহুর ‘লিকুদ’ পার্টি এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ‘রিলিজিয়াস জায়োনিজম’ পার্টিকে তার সরকারে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানান। তবে তিনি উগ্রপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভীরের নেতৃত্বাধীন ‘জুউইশ পাওয়ার’ পার্টির বিষয়ে কোনো উল্লেখ করেননি।

পারস্পরিক ছাড়

ম্যান্ডেট পাওয়ার পর আইজেনকোটের দফতর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয় যে, তিনি নেসেটে প্রতিনিধিত্বকারী সকল পার্লামেন্টারি উপদল ও দলের কাছে পৌঁছাবেন এবং চারটি মূল নীতি মেনে নেওয়া সাপেক্ষে সরকার গঠনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাবেন। তবে বিবৃতিতে সেই চার নীতির বিস্তারিত প্রকাশ করা হয়নি।

তিনি জানান, নির্বাচনের সব প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হবে না এবং সরকার গঠনের জন্য দলগুলোকে পারস্পরিক ছাড় দিতে হবে।

আইজেনকোট উল্লেখ করেন যে, তিনি জাতীয় ঐক্যকে 'প্রকৃত অংশীদারিত্বের ওপর ভিত্তি করে গঠিত এক মূল মূল্যবোধ' হিসেবে দেখেন। তিনি আরো যোগ করেন, যারা পরিস্থিতির গুরুত্ব বোঝেন এবং ইসরাইলের স্বার্থে কাজ করতে ইচ্ছুক, তাদের সকলের জন্য তার দরজা খোলা এবং হাত বাড়ানো রয়েছে।

পার্লামেন্টারি সমর্থন আরো বাড়াতে তিনি ‘ইউনাইটেড আরব লিস্ট’ এবং ‘জয়েণ্ট লিস্ট’-এর বাহ্যিক সমর্থনে সরকার গঠনের সম্ভাবনাও খোলা রেখেছেন।

তিনি বলেন, 'যিনি বস্তুনিষ্ঠ কারণের পরিবর্তে ব্যক্তিগত কারণে সরকার গঠনে বাধা সৃষ্টি করার চেষ্টা করবেন, তিনি ইতিহাসজুড়ে এমন এক ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন যিনি জরুরি মুহূর্তে ইসরাইলকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।'

আইজেনকোট বিশ্বাস করেন যে 'কাজের জটিলতা সত্ত্বেও' তিনি সরকার গঠন করতে পারবেন। তার রাজনৈতিক অংশীদাররা পরিস্থিতির গুরুত্ব এবং নতুন সরকার গঠনের জরুরি প্রয়োজনীয়তা অনুধাবন করতে পেরেছেন বলে তিনি আস্থা প্রকাশ করেন। ইসরাইলকে নিরাপদে পরিচালিত করার জন্য তাদের অভিজ্ঞতা ও দক্ষতা অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি।

এছাড়া আইজেনকোট জানান, নেসেটের ৭৪ জন সদস্য নেতানিয়াহুর সরকার বহাল রাখার বিষয়ে অনাস্থা প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

যদিও ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটকে ম্যান্ডেট দেয়ার জন্য সুপারিশ করেছেন, তবুও তার ব্লকের নিজস্ব কোনো পার্লামেন্টারি সংখ্যাগরিষ্ঠতা নেই। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে অন্য দলগুলোর সাথে সমঝোতায় আসতে হবে, যার মধ্যে আরব দলগুলোও রয়েছে। তবে এই জোটে তাদের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে আইজেনকোটের নিজস্ব ব্লকের মধ্যেই মতভেদ রয়েছে।

ইসরাইলি আইন অনুযায়ী, আইজেনকোট যদি নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হন, তবে প্রেসিডেন্ট নেসেটের অন্য কোনো সদস্যকে সেই দায়িত্ব দিতে পারেন। সেক্ষেত্রে ওই আইনপ্রণেতা কোনো সময়সীমা বৃদ্ধি ছাড়াই ২৮ দিন সময় পাবেন।

আইন নির্ধারিত নিয়ম অনুযায়ী, সেই সময়ের মধ্যেও যদি কোনো সরকার গঠিত না হয়, তবে নেসেটের বেশিভাগ সদস্য চাইলে তাদের সহকর্মীদের মধ্য থেকে কাউকে মনোনীত করতে পারেন, যিনি চূড়ান্তভাবে অতিরিক্ত ১৪ দিনের মধ্যে সরকার গঠনের চেষ্টা করবেন।

সূত্র : আনাদুলু অ্যাজেন্সি

এইচএন
আরও পড়ুন