মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ এএম

মিসরের গিজা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দুর্ঘটনার পর কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ঢালে পড়ে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়।

মিসরের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা ও কায়রো থেকে দক্ষিণমুখী দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু হয়। উদ্ধারকারীদের পাশাপাশি স্থানীয় লোকজনও উল্টে যাওয়া বগির ভেতরে আটকে পড়া আহত যাত্রীদের খোঁজে তল্লাশি চালান।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। তিনি রাষ্ট্রীয় সংস্থাগুলোকে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে বলেছেন।

সরকার জানিয়েছে, আহতদের চিকিৎসা দিতে আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানান, আহতদের মধ্যে অনেকেই হাড় ভাঙা ও মাথায় আঘাত পাওয়ার কারণে চিকিৎসা নিচ্ছেন। মিসরের রেড ক্রিসেন্ট দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের স্বজনদের জরুরি সহায়তার পাশাপাশি মানসিক সহায়তাও দিচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত প্রথম ট্রেনটি গিজা থেকে কায়রোর দক্ষিণে ফাইয়ুমের দিকে যাচ্ছিল। পথে সেটি কায়রো থেকে দক্ষিণাঞ্চলীয় আসওয়ানের উদ্দেশে ছেড়ে যাওয়া আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। ওই ট্রেনটি তখন রেললাইনে দাঁড়িয়ে ছিল।

দুর্ঘটনার পর গিজা থেকে মিসরের উচ্চাঞ্চলীয় এলাকাগামী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রেনের বগি সরাতে ক্রেন পাঠানো হয়েছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়নি, উদ্ধার ও রেললাইন সচল করতে কত সময় লাগতে পারে।

গিজার আল-আয়াত এলাকায় কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। এর কাছাকাছি এলাকায় ২০০২ সালের ফেব্রুয়ারিতে মিসরের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনাটি ঘটেছিল। সে সময় কায়রো থেকে লুক্সরগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরে যায়। সরকারি হিসাবে ওই ঘটনায় ৩৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তবে কোনো কোনো হিসাবে নিহতের সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে।

এ এলাকায় ২০০৯ সালেও আরও দুটি ট্রেন দুর্ঘটনায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়।

সর্বশেষ দুর্ঘটনার পর রোববার মিসরে পরিবহনমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে। এদিকে দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মিসরের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। মিসরে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের স্বজন ও মিসরের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সূত্র: বিবিসি

ওয়াইএ
আরও পড়ুন