ইয়েমেনের তাইজে হামে ২৬ জনের মৃত্যু

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

ইয়েমেনের তাইজ গভর্নরেটে চলতি বছরের শুরু থেকে অক্টোবরের শেষ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় বিপুলসংখ্যক শিশু হামের ঝুঁকিতে রয়েছে।

তাইজের স্বাস্থ্যবিষয়ক গণমাধ্যম কর্মকর্তা তায়সির আল-সামেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বছরের শুরু থেকে অক্টোবরের শেষ দিন পর্যন্ত এসব আক্রান্ত ও মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। তাইজের জনস্বাস্থ্য ও জনসংখ্যা দপ্তরের তথ্য অনুযায়ী, হুথি বিদ্রোহীদের আরোপ করা অবরোধের কারণে প্রায় ৩ লাখ ৪৭ হাজার শিশু হাম ও রুবেলার টিকা থেকে বঞ্চিত হয়েছে। এছাড়া নিয়মিত অন্যান্য টিকাদান কর্মসূচির আওতার বাইরে রয়েছে আরও ৭২ হাজার ৫০০ শিশু।

স্বাস্থ্য দপ্তর বলছে, অবরোধের কারণে শহরে টিকা সরবরাহ ও নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিশুদের মধ্যে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রতি আহ্বান জানিয়েছে তাইজের স্বাস্থ্য কর্তৃপক্ষ। সংস্থাগুলোর কাছে প্রয়োজনীয় টিকা সরবরাহ এবং স্থগিত টিকাদান কর্মসূচি পুনরায় চালু করতে সহায়তা চাওয়া হয়েছে।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত