যুক্তরাজ্যের ২ বিমানঘাঁটিতে ড্রোন আতঙ্ক

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

যুক্তরাজ্যের পূর্বাঞ্চলে দুটি সামরিক বিমানঘাঁটির আশপাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতির খবরের পর সতর্কসংকেত বাজানো হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

ডেইলি মেইল জানায়, ইংল্যান্ডের সাফোক কাউন্টিতে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) লেকেনহিথ ঘাঁটি এবং পাশের নরফোক কাউন্টির ফেল্টওয়েল ঘাঁটির আশপাশের বাসিন্দারা স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে সাইরেনের শব্দ শুনতে পান। কেউ কেউ এ শব্দকে যুদ্ধকালীন সতর্কসংকেতের সঙ্গে তুলনা করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, লাউডস্পিকারে মার্কিন উচ্চারণে দেওয়া এক ঘোষণায় সবাইকে ঘরের ভেতরে থাকতে এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ডেইলি মেইল প্রকাশিত ভিডিওতে অন্ধকার আবাসিক এলাকার বিভিন্ন স্থানে সাইরেন বাজতে দেখা যায়।

প্রতিবেদন অনুযায়ী, লেকেনহিথ বিমানঘাঁটিতে সতর্কসংকেত বাজানোর বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন বিমানবাহিনী। তাদের ভাষ্য, অনুমতি ছাড়া ড্রোন প্রবেশের সন্দেহে এ সতর্কতা জারি করা হয়েছিল। তবে এতে কোনো সামরিক সদস্য, উড়োজাহাজ বা অবকাঠামোর ক্ষতি হয়নি।

এদিকে, মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের এক মুখপাত্র বার্তা সংস্থা অ্যাক্সিওসকে জানিয়েছেন, সন্দেহজনক ড্রোন প্রবেশের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অ্যাক্সিওসের প্রকাশিত বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সদস্য, মার্কিন ও স্বাগতিক দেশের বেসামরিক নাগরিক, ঠিকাদার এবং তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তাঁরা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ঘটনার কয়েক দিন আগে ইরান-সংশ্লিষ্ট নিরাপত্তাঝুঁকির কারণে সাফোকের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে অন্তত ১২টি উড়োজাহাজ সরিয়ে নেওয়া হয়েছিল।

সূত্র: আনাদোলু

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত