বিবিসির প্রতিবেদন

'তিনি প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত'

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ এএম

বাংলাদেশে মৃত্যুদণ্ডে দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। তাঁর এই পরিকল্পনা নিয়ে উদ্বেগে রয়েছে ঢাকা। অন্যদিকে সাবেক এই ঘনিষ্ঠ মিত্রকে আশ্রয় দেওয়া ভারতও পড়েছে কূটনৈতিক জটিলতায়।

শেখ হাসিনা বারবার দেশে ফেরার কথা বললেও এবার তিনি প্রত্যাবর্তনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন। তাঁর মুখপাত্র জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান তিনি। কীভাবে ফিরবেন, সে পরিকল্পনার কথাও জানিয়েছেন হাসিনা।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসানের পর দিল্লিতে আশ্রয় নেন ৭৯ বছর বয়সী হাসিনা। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে বিচার শেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্নও উঠেছে। তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ।

জাতিসংঘের হিসাবে, অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর হাতে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে।

বাংলাদেশ সরকার জানিয়েছে, হাসিনা দেশে ফিরলে তাঁকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে এবং তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

হাসিনা এখন চাইছেন, বাংলাদেশ সরকার যেন দিল্লি থেকে তাঁর দেশে ফেরার জন্য একটি উড়োজাহাজের ব্যবস্থা করে। তা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইটে কিংবা স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার বিকল্পও বিবেচনায় রয়েছে তাঁর।

বিবিসিকে হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিন বলেন, ‘তিনি প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত।’

আরিনের দাবি, ভারত-বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্তের সম্ভাব্য নয়টি প্রবেশপথ চিহ্নিত করেছেন হাসিনার সমর্থকেরা। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম—এই পাঁচ রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে।

তিনি বলেন, ‘এটি অত্যন্ত ভেবেচিন্তে তৈরি করা সুনির্দিষ্ট পরিকল্পনা। বিষয়টি তাঁরা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন।’

হাসিনাকে ফেরত চায় ঢাকা

হাসিনার দেশে ফেরার ঘোষণার জবাবে বাংলাদেশ সরকার জানিয়েছে, তাঁকে প্রত্যর্পণ করতে হবে।

ঢাকায় সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘বাস্তবতা আর ইচ্ছা এক বিষয় নয়। তিনি সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাঁকে হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। তবে তাঁর স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি আলাদা বলে উল্লেখ করেছে দিল্লি।

ঢাকার অনেকের ধারণা, হাসিনার এই ঘোষণা নিছক দেশে ফেরার প্রতিশ্রুতি নয়। বরং এর মাধ্যমে তিনি সরকারের কর্তৃত্ব পরীক্ষা করতে চান, দেশের রাজনৈতিক আলোচনায় আবারও নিজের জায়গা তৈরি করতে চান এবং তাঁকে ক্ষমতাচ্যুত করা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান বিভাজন কাজে লাগাতে চান।

একই সঙ্গে সাবেক মিত্রকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের যে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে, তা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা

বিজয় দিবসকে বেছে নেওয়ার মধ্যেও রাজনৈতিক তাৎপর্য দেখছেন বিশ্লেষকেরা। এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে নিজের দল ও নিজের অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছেন হাসিনা। তাঁর সহযোগীদের দাবি, নির্বাসনে থেকেও গত কয়েক মাস ধরে দলকে সক্রিয় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

আরিনের ভাষ্য, টেলিগ্রামের মাধ্যমে অডিও কথোপকথনের আয়োজন করে হাসিনা নিয়মিত দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। গত ১৮ মাসে তিনি এ ধরনের ৩০০টির বেশি বৈঠক করেছেন। দেশের ৬৪ জেলা ও ৩০০ সংসদীয় আসনের সমর্থকদের সঙ্গে এসব বৈঠকে কথা বলেছেন তিনি।

আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক ইউনিটের মাধ্যমে এসব বৈঠক আয়োজন করা হয়। কোনো কোনো বৈঠক চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত চলে বলে দাবি করেন আরিন।

তাঁর মতে, এসব আলোচনায় হাসিনা সরাসরি নেতা-কর্মীদের অভিযোগ, অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন। আরিনের দাবি, সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত মানববন্ধন করে হাসিনাকে স্বাগত জানাতে ৫০ লাখ মানুষ সমবেত করার সাংগঠনিক সক্ষমতা আওয়ামী লীগের রয়েছে।

তবে এই দাবিকে উচ্চাভিলাষী বলে মনে করা হচ্ছে। আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক থাকলেও দলটি নিষিদ্ধ এবং মূলধারার রাজনীতি থেকে অনেকটাই বিচ্ছিন্ন। দলের অধিকাংশ শীর্ষ নেতা বিদেশে, কারাগারে কিংবা আত্মগোপনে রয়েছেন। দলীয় সমর্থকদের বিরুদ্ধে পুলিশ গ্রেপ্তার অভিযান চালিয়েছে এবং হাজার হাজার মামলা করেছে।

এরপরও আওয়ামী লীগের সমর্থকেরা দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক মাসগুলোতে এসব কর্মসূচির সংখ্যা ও সংঘাতের মাত্রা বেড়েছে।

বিভিন্ন জেলায় বোমা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কিছু ঘটনার দায় কারা ঘটিয়েছে, তা নিয়ে বিতর্ক রয়েছে।

হাসিনার পৈতৃক জেলা গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কর্তৃপক্ষের জন্য বিশেষভাবে কঠিন হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থকেরা থানায় হামলা, যানবাহনে আগুন এবং ক্ষমতাসীন বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়েছেন। কোথাও কোথাও গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করা হয়েছে।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকেরা ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি দাঙ্গায় অংশ নিয়েছেন। চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজন বেসামরিক নাগরিক। নিহতদের ছয়জন সরাসরি অস্থিরতার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে সংস্থাটির দাবি।

তবে সহিংসতা ঘটানোর সক্ষমতা থাকলেই আওয়ামী লীগের ব্যাপক রাজনৈতিক পুনরুত্থান ঘটেছে—এমনটা মনে করছেন না বিশ্লেষকেরা। ঢাকার অনেকেই হাসিনার দেশে ফেরার ঘোষণাকে হতাশাগ্রস্ত দলীয় নেতা-কর্মীদের চাঙা করার কৌশল হিসেবে দেখছেন।

তবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ একটি জায়গায় সফল হয়েছে। হাসিনার পতনের পরপর দলটির নাম উচ্চারণ করাও যেখানে অনেকটা নিষিদ্ধ আলোচনার বিষয় ছিল, এখন দেশের রাজনৈতিক অঙ্গনে দলটির ভবিষ্যৎ নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে।

রাজনৈতিক বিভাজনের সুযোগ নিতে চায় আওয়ামী লীগ?

দৈনিক ডেইলি ওয়াদার ইংরেজি সংস্করণের সম্পাদক এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, অভ্যুত্থানের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্যের ফাটলকে কাজে লাগানোর চেষ্টা করছে আওয়ামী লীগ।

বিবিসিকে তিনি বলেন, জুলাই সনদ, প্রস্তাবিত সংবিধান সংশোধন এবং গণভোট নিয়ে মতপার্থক্য নির্বাচিত বিএনপি সরকার ও তাদের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী এবং তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে বিভাজন বাড়িয়েছে।

শফিকুল আলমের ভাষ্য, ‘আওয়ামী লীগ এটিকে সুযোগ হিসেবে দেখছে। দলটির ধারণা, দুর্বল হয়ে পড়া পুলিশ বাহিনী এবং জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভাজনকে কাজে লাগিয়ে এখন রাজপথে নামার উপযুক্ত সময়।’

বিশ্লেষকদের মতে, হাসিনা দেশে ফিরলে তা আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি পুনরুজ্জীবিত করার বদলে রাজনৈতিক বৈরিতা আরও বাড়িয়ে দিতে পারে। সরকার সাম্প্রতিক বিচ্ছিন্ন সহিংসতাকে সন্ত্রাসবাদ হিসেবে বর্ণনা করছে। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকেরা তাঁদের কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করে সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তুলছেন।

বড় প্রশ্ন হলো, আওয়ামী লীগের মতো বড় একটি রাজনৈতিক জনগোষ্ঠীকে দীর্ঘদিন রাজনীতির বাইরে রেখে বাংলাদেশ নতুন কোনো অস্থিতিশীলতা এড়াতে পারবে কি না।

হাসিনাকে নিয়ে চাপে ভারত

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত এখন ক্রমবর্ধমান কূটনৈতিক সংকটের মুখে। হাসিনার প্রকাশ্য বক্তব্যে ঢাকার অসন্তোষ বেড়েছে। বাংলাদেশ তাঁকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে।

এদিকে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা ও অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা এবং কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছে দিল্লি। তবে দুই দেশের সম্পর্কে এখনো টানাপোড়েন রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় ১০ মাস পরও তারেক রহমান এখনো ভারত সফর করেননি। গত আগস্টে তাঁর ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনের পর সম্পর্ক পুনর্গঠনের সেই উদ্যোগ ধাক্কা খায়।

লন্ডনের এসওএএস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, হাসিনার সর্বশেষ ঘোষণা সিদ্ধান্ত নেওয়ার চাপ দিল্লির পরিবর্তে ঢাকার ওপর ঠেলে দিয়েছে।

তাঁর ভাষ্য, গত ১০ মাসে তারেক রহমানের সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত যথাসাধ্য চেষ্টা করেছে। মন্ত্রিসভার মর্যাদাসম্পন্ন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে হাইকমিশনার নিয়োগ থেকে শুরু করে নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে নতুন আলোচনার প্রস্তাব—সবই করেছে দিল্লি।

পালিওয়ালের মতে, এসব উদ্যোগ সফল না হওয়ায় বাংলাদেশ নিয়ে ভারতের মধ্যে হতাশা তৈরি হয়েছে। দিল্লি হয়তো মনে করছে, যা-ই করুক দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তেজনাপূর্ণ থাকবে। ফলে হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির সুযোগ থেকে বিরত রাখার আগ্রহও কমে যেতে পারে।

তাঁর মতে, ভারতের হাতে হাসিনাকে দেশটির মাটি থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার মতো প্রভাব রয়েছে। তবে দিল্লি হয়তো সেই প্রভাব প্রয়োগ করতে চাইছে না।

আবার আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে স্থায়ীভাবে বাদ দেওয়াও ভারতের স্বার্থের অনুকূল নয় বলে মনে করেন পালিওয়াল।

তিনি বলেন, ‘দলটির এখনো বাংলাদেশের বিভিন্ন এলাকায় সমর্থন রয়েছে এবং দেশের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর সঙ্গে দলটি গভীরভাবে জড়িয়ে আছে। তাই আওয়ামী লীগকে পুনর্বাসন এবং রাজনৈতিক সমঝোতার পথে এগোনো ভারতের পাশাপাশি বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্বার্থেও প্রয়োজন।’

তবে ঢাকায় এ দৃষ্টিভঙ্গি নিয়ে আপত্তি রয়েছে। শফিকুল আলমের মতে, বাংলাদেশে এমন ধারণা তৈরি হয়েছে যে ভারত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়।

তিনি বলেন, হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের অবস্থান এখনো অস্পষ্ট। বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের সুবিধা দিতে পারে এমন ট্রানজিট সুবিধাও ভারত নবায়ন করেনি। গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদও শেষ হওয়ার পথে, অথচ এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি নেই।

তাঁর প্রশ্ন, বাংলাদেশের মানুষের আস্থা ফেরাতে ভারত কি যথেষ্ট করেছে?

শফিকুল আলম বলেন, ‘এখন পর্যন্ত শুধু পর্যটন ও চিকিৎসা ভিসা চালু হয়েছে। বাকি সবকিছুই অনিশ্চয়তার মধ্যে রয়েছে।’

ঢাকাভিত্তিক এক পররাষ্ট্রনীতি বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে দুই দেশের সম্পর্ককে ‘পারস্পরিক হতাশার’ অবস্থায় আটকে থাকা বলে বর্ণনা করেছেন।

তাঁর মতে, হাসিনা এখনো দুই দেশের সম্পর্কের অচলাবস্থার অন্যতম প্রধান কারণ। তবে তাঁকে কেন্দ্র করে তৈরি পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথও খুঁজতে হবে।

কী হতে পারে পরিণতি?

অবিনাশ পালিওয়ালের মতে, ভারতের জন্য সবচেয়ে কম ক্ষতিকর সমাধান হতে পারে হাসিনার দেশে ফিরে নতুন করে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়া এবং আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন এনে দলটিকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা।

তাঁর ধারণা, এতে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা ভারসাম্য ফিরতে পারে এবং ভারতও তার দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষার সুযোগ পাবে।

তবে আপাতত ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত নয়। কিন্তু তাঁর ঘোষণার মধ্য দিয়ে এমন একটি প্রশ্ন তৈরি হয়েছে, যা ঢাকা ও দিল্লি—কোনো পক্ষের পক্ষেই উপেক্ষা করা সম্ভব হচ্ছে না।

ঢাকাভিত্তিক ওই পররাষ্ট্রনীতি বিশ্লেষকের আশঙ্কা, ডিসেম্বর মাস অস্থির হয়ে উঠতে পারে। হাসিনার ঘোষিত প্রত্যাবর্তনের তারিখ যত ঘনিয়ে আসবে, বিক্ষোভ ও সংঘাতের আশঙ্কাও তত বাড়বে। এমনকি শেষ পর্যন্ত তাঁর দেশে ফেরার পরিকল্পনা আবারও পিছিয়ে যেতে পারে।

এসিএলইডির দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক পার্ল পান্ডিয়ার মতে, মৃত্যুদণ্ডের মুখে হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। তবে তাঁর বক্তব্য সমর্থকদের স্পষ্টতই উজ্জীবিত করেছে।

এদিকে হাসিনাকে ঘিরে অচলাবস্থা বাংলাদেশ-ভারত সম্পর্ককেও জটিল করে তুলছে। পালিওয়ালের ভাষায়, ‘গুরুত্বপূর্ণ আলোচনার পরবর্তী সুযোগ তৈরি হবে হয় হাসিনা ঢাকায় ফেরার পর, নয়তো ঢাকার সরকার চাপের মুখে অবস্থান পরিবর্তন করে আলোচনার টেবিলে ফিরে এলে।’

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত