খবর সংযোগ ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে জনবহুল এলাকা গাজা সিটিকে ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। সেখানে হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের তীব্র লড়াই হচ্ছেন তাদের। এর মধ্যেই গাজা সিটি ছেড়ে দক্ষিণ দিকে চলে যাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক।
বুধবার (৮ অক্টোবর) ৪ ঘণ্টা নির্দিষ্ট একটি রাস্তায় বোমা হামলা বন্ধ রাখে দখলদার ইসরায়েলি সেনারা। মূলত বেসামরিকদের সরে যাওয়ার জন্য হামলা বন্ধ রাখে তারা। এ সুযোগে অনেকে নিজেদের জীবন বাঁচাতে সরে যাচ্ছেন।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথমে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইসরায়েলি সেনারা। পরবর্তীতে আরও ১ ঘণ্টা বাড়ানো হয়।
মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, সালাহ উদ্দিন সড়ক ব্যবহার করে গাজা সিটি ছাড়তে পারবেন নাগরিকরা। সিটি থেকে দক্ষিণ দিকে যেতে শুধু এই সড়কটিই খোলা আছে।
ইসরায়েলি সেনারা গাজা সিটি ঘিরে রাখলেও হামাস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের। দখলদার সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করেছে হামাস।
গত ৭ অক্টেবর থেকে গাজায় নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হামলায় এ পর্যন্ত সাড়ে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৪০ শতাংশই শিশু। সূত্র: সিএনএন।

