রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক অ্যালেক্সে নাভালনি কারাগারে মৃত্যুর খবরে শোরগোল পড়ে সারা বিশ্বে। পুতিনের সমালোচনা ও নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। নাভালনির মৃত্যুর ঘটনা জানতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে জার্মানি।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে। যদিও সংবাদ সংস্থাটি ওই মুখপাত্রের নাম উল্লেখ করেনি।
এএফপি জানায়, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অ্যালেক্সে নাভালনিসহ রুশ সরকারের অন্যান্য অসংখ্য সমালোচকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কার্যক্রম চলছে। কারাগারের অমানবিক অবস্থা প্রমাণ করছে যে রাশিয়ার বিচার বিভাগ কতটা নির্মমভাবে ভিন্নমতের দমন করছে।
এএফপি আরও জানায়, নাভালনির মৃতদেহের কাছে যেতে দেওয়া হচ্ছে না তার স্বজনদের। সোমবার নাভালনির দলের পক্ষ থেকে জানানো হয় রুশবিরোধী নেতার মরদেহটি দেখতে মর্গে যেতে অনুমতি দেওয়া হয়নি তার মাকেও। এই নিয়ে তৃতীয় দিনের মতো এ ধরণের অভিযোগ পাওয়া গেল।
মৃত্যুর তিনদিন পর নাভালনির মরদেহ পাওয়া গেলো একটি হাসপাতালের মর্গে। তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্যারামেডিক।