যুক্তরাজ্যের নির্বাচনে নিজ আসন হারতে পারেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এমন পূর্বাভাস জনমত জরিপের ফলে পাওয়া গেছে। গত ৭ জুন থেকে ১৮ জুনের মধ্যে প্রায় ১৮ হাজার মানুষের মতামতের ওপর জরিপ পরিচালনা করা হয়।
যুক্তরাজ্যে আগাম নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ৪ জুলাই। এর আগে সাভান্তা জনমত জরিপের ফল প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ।
জরিপের ফলে দেখা গেছে, নির্বাচনে সুনাকের কনজারভেটিভ দল ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ সদস্যের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে মাত্র ৫৩ টি আসন পাওয়ার পথে রয়েছে। যেখানে বিরোধীদল লেবার পার্টি পেতে পারে ৫১৬ টি আসন।
সাম্প্রতিক বেশিরভাগ জনমত জরিপেই জাতীয় নির্বাচনে কির স্টারমারের লেবার পার্টিকে ভোটে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির তুলনায় প্রায় ২০ শতাংশ পয়েন্ট এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।
সাভান্তা পরিচালিত জনমত জরিপে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইংল্যান্ডের উত্তরাঞ্চলে তার নর্থ ইয়র্কশায়ার রিচমন্ড আসনে লেবার দলের কাছে পরাজিত হতে পারেন। এমন হলে সুনাকই হবেন প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি নিজ আসন হারাবেন।

