ইসরায়েলে আহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়ালো

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০২:৫৬ পিএম

ইরানের সাথে চলমান সংঘাতের ১৭তম দিনে ইসরায়েলে আহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩,৫৩০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত রকেট হামলা, সীমান্ত সংঘর্ষ এবং দেশের অভ্যন্তরে ঘটা বিভিন্ন সহিংসতার কারণে এই বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছেন। বর্তমানে বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে ৮৬ জন ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ৮ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বাকিদের মধ্যে অনেকের শরীরে গুরুতর জখম থাকায় তাদের দীর্ঘমেয়াদী অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রয়োজন হবে।

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইসরায়েলের স্বাস্থ্য ব্যবস্থার ওপর চরম চাপ সৃষ্টি হয়েছে। হাসপাতালগুলোর জরুরি বিভাগে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। শারীরিক আঘাতের পাশাপাশি যুদ্ধের ফলে সৃষ্ট মনস্তাত্ত্বিক ট্রমা বা মানসিক সমস্যার কারণেও অনেক নাগরিক চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। এদিকে, আহতদের জরুরি রক্তের চাহিদা মেটাতে ইসরায়েলের সরকারি ও বেসরকারি রক্তদান কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

এই সংঘাতের ফলে কেবল ইসরায়েলেই নয়, পার্শ্ববর্তী আবুধাবিতেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই বহুমুখী যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যের বেসামরিক নাগরিকদের জীবনের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন