ইরান যুদ্ধের ১৮তম দিন, যা ঘটছে

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১০:০৬ পিএম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় ইরান যুদ্ধ নতুন নতুন ফ্রন্টে ছড়িয়ে পড়ছে। ইরানের বিভিন্ন শহরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে, পাল্টা জবাবে ইরান প্রতিবেশী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানছে। একই সময়ে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা তীব্র হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

যুদ্ধের ১৮তম দিনে সামরিক সংঘাতের পাশাপাশি মানবিক সংকটও দ্রুত গভীর হচ্ছে। হামলায় বহু মানুষ নিহত ও আহত হওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। 

ইরান

ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। উত্তর তেহরানের সাদাবাদ প্রাসাদ এলাকার কাছে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে রাজধানীর কেন্দ্রীয় এলাকা, কারাজ, শাহরিয়ার এবং শিরাজেও হামলার খবর আসে।

মধ্য ইরানের আরাক শহরে একটি বাড়িতে হামলায় তিন দিনের এক নবজাতক এবং তার দুই বছর বয়সী বোন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। হামলায় শিশু দুটির মা ও নানিও নিহত হয়েছেন।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক তদন্তে বলা হয়েছে, ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১৭০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই ছাত্রী।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান এই যুদ্ধ শুরু করেনি, তবে দেশের ওপর আক্রমণের জবাব দিতে তারা আত্মসমর্পণ করবে না।

সরকারি হিসাব অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫৫১ জন আহত হয়েছেন।

উপসাগরীয় অঞ্চল

যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে উপসাগরীয় দেশগুলোতেও। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ তেল শিল্প এলাকায় ড্রোন হামলার পর আগুন লাগে। আবুধাবির বানি ইয়াস এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন।

আসন্ন হামলার ঝুঁকিতে সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করেছে আমিরাত।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৩টি ভূপাতিত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে শিল্প এলাকায় সীমিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কুয়েতের ন্যাশনাল গার্ড একটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে। একই সঙ্গে হিজবুল্লাহ সংশ্লিষ্ট সন্দেহে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাহরাইন জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে তারা ১২৯টি ক্ষেপণাস্ত্র এবং ২২১টি ড্রোন নিষ্ক্রিয় করেছে। সৌদি আরবের পূর্বাঞ্চলেও ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু পারস্য নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের নাহারিয়া শহরে হামলার দাবি করেছে। হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি উদ্ধারকর্মীরা।

জেরুজালেমের পুরোনো শহরে আল আকসা মসজিদ ও চার্চ অব দ্য হলি সেপালকারের কাছাকাছি এলাকায় ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, উত্তর ইসরায়েল নিরাপদ না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত লেবানিজদের নিজ নিজ এলাকায় ফিরে যেতে দেওয়া হবে না। ইতোমধ্যে লেবাননে সীমিত স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে জার্মানি জানিয়েছে, তারা এই যুদ্ধে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা করছে না। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধানও বলেছেন, ইউরোপীয় দেশগুলোর সৈন্য পাঠানোর আগ্রহ নেই।

ট্রাম্প ইরানকে ‘কাগুজে বাঘ’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে মার্চের শেষে নির্ধারিত চীন সফর এক মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্তের ওপর তার আস্থা রয়েছে।

লেবানন

ইসরায়েলের সীমিত স্থল অভিযানের জবাবে হিজবুল্লাহ লেবাননের সীমান্তবর্তী অন্তত তিনটি এলাকায় ইসরায়েলি সেনা ও যানবাহনের ওপর হামলার দাবি করেছে।

দক্ষিণ লেবাননের আরব আল-জাল গ্রাম খালি করে চলে যেতে স্থানীয়দের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলা শুরুর পর থেকে দেশটিতে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস সতর্ক করে বলেছেন, লেবাননে ইসরায়েলের স্থল অভিযান মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

ইরাক

বাগদাদের জাদরিয়া এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় চারজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন।

রাজধানীর সুরক্ষিত গ্রিন জোনে বিদেশি কূটনীতিকদের ব্যবহৃত একটি বিলাসবহুল হোটেলে ড্রোন হামলার ফলে আগুন লাগে। একই সময় যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ছোড়া রকেট প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়।

ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ জানিয়েছে, তাদের জ্যেষ্ঠ নিরাপত্তা কমান্ডার আবু আলি আল-আসকারি নিহত হয়েছেন।

ইরাকি সরকার দূতাবাস, হোটেল ও তেলক্ষেত্রে হামলাকে সন্ত্রাসী আক্রমণ হিসেবে নিন্দা জানিয়েছে।

বৈশ্বিক অর্থনীতি

যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও বড় ধাক্কা লেগেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম সাম্প্রতিক সময়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারে পৌঁছেছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন দেখা দেওয়ায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা চাপের মুখে পড়েছে।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার পরামর্শে জাপান তাদের কৌশলগত তেল মজুত বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে, প্রথম ধাপে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে মজুত তেল ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

AS/AHA
আরও পড়ুন