ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত চতুর্থ সপ্তাহে পদার্পণ করার সাথে সাথে মধ্যপ্রাচ্যের রণকৌশলে বড় ধরণের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আগে থেকেই বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দামে আগুন লেগেছে। এবার তেহরান বিশ্বের অন্যতম প্রধান নৌ-পথ ‘বাব এল মান্দেব’ প্রণালি বন্ধ করে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগর ও সুয়েজ খালকে এডেন উপসাগরের সঙ্গে যুক্তকারী এই সরু জলপথটি এখন তেহরানের নতুন সামরিক হাতিয়ার হয়ে উঠতে পারে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এই প্রণালির একপাশে শক্তিশালী অবস্থানে রয়েছে। হুথি প্রতিরক্ষা কর্মকর্তা আবেদ আল-থাওর ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা যুদ্ধে সরাসরি হস্তক্ষেপের সিদ্ধান্ত নিলে প্রথম পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক ‘নৌ-অবরোধ’ ঘোষণা করব।’ এর ফলে মার্কিন ও ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ এবং রণতরীগুলো হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
লোহিত সাগরের এই সম্ভাব্য উত্তেজনা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলেছে সৌদি আরবকে। রিয়াদ বর্তমানে হরমুজ প্রণালির অবরোধ এড়াতে তাদের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের ‘ইয়ানবু’ টার্মিনাল দিয়ে রেকর্ড পরিমাণ তেল রপ্তানি করছে। মার্চ মাসে দেশটি এই পথে প্রায় ৬০ লাখ ব্যারেল তেল পাঠিয়েছে। কিন্তু হুথিরা লোহিত সাগরে আক্রমণ শুরু করলে সৌদি আরবের এই শেষ বিকল্প পথটিও বন্ধ হয়ে যাবে।
লয়েড’স লিস্টের বিশ্লেষক সাইমন মিলার জানিয়েছেন, বাব এল মান্দেব অবরুদ্ধ হলে জাহাজগুলোকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে দীর্ঘ পথ যাতায়াত করতে হবে। এতে পরিবহন খরচ ও সময় বহুগুণ বেড়ে যাবে। বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। লোহিত সাগরে নতুন কোনো অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ মুদ্রাস্ফীতি ও মন্দার সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
পেন্টাগন হুথি নেতাদের ওপর তীক্ষ্ণ নজরদারি শুরু করলেও ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধে না জড়ানোর সতর্কবার্তা পাঠিয়েছে। তবে তেহরান থেকে চূড়ান্ত সংকেত পেলে বাব এল মান্দেব প্রণালি যেকোনো মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হতে পারে।
‘যুদ্ধের কারণে বিশ্ব জ্বালানি বাজারে বিপর্যয় নেমে এসেছে’
ট্রাম্প ও ইসরায়েলের জন্য আরও বড় ‘চমক’ আসছে: জেনারেল আবদোল্লাহি
যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়ে যা বললেন আরাগচি
হরমুজ প্রণালিতে ট্রাফিক কমেছে ৯৫ শতাংশ, ২০ দিনে পার হয়েছে ৯৯টি জাহাজ
