মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান আরও কমে ইতিহাসের সর্বনিম্নে পৌঁছেছে। শুক্রবার (২০ মার্চ) আন্তব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিপরীতে রুপির দর দাঁড়িয়েছে ৯৩.৪৯।
লেনদেন শুরুর সময় প্রতি ডলারের দাম ছিল ৯২.৯২ রুপি। তবে অল্প সময়ের মধ্যেই তা ৯৩ রুপি ছাড়িয়ে আরও পড়ে গিয়ে নতুন রেকর্ড গড়ে। এর আগে গত বুধবার রুপি ৯২.৮৯-এ নেমেছিল, যা ছিল আগের সর্বনিম্ন রেকর্ড।
বাজার বিশ্লেষকদের মতে, শক্তিশালী মার্কিন ডলার, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অর্থ প্রত্যাহার এবং অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির কারণে রুপির ওপর চাপ বাড়ছে।
বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরান-সংক্রান্ত উত্তেজনা এবং জ্বালানি বাজারের অস্থিরতা মুদ্রাবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশ্লেষকরা বলছেন, তেলের দাম আরও বাড়লে রুপির ওপর চাপ আরও বাড়তে পারে।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেল-এর ফিউচার দামও ঊর্ধ্বমুখী রয়েছে। বর্তমানে প্রতি ব্যারেল দাম ১০৯ ডলারের ওপরে অবস্থান করছে, যা বৈশ্বিক অর্থনীতিতে উদ্বেগ তৈরি করছে।
অর্থনীতিবিদদের মতে, ডলার সূচক শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এর ফলে উদীয়মান অর্থনীতিগুলোর মুদ্রা দুর্বল হয়ে পড়ছে।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে আমদানি ব্যয় বাড়বে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ আরও বাড়তে পারে।
ইরান ইস্যুতে রাশিয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান 
