ট্রাম্পের ঘোষণা

৩৪ বছর পর আলোচনায় বসছে ইসরায়েল-লেবানন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৮ এএম

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে চলা বৈরিতা ও নীরবতা ভেঙে প্রথমবারের মতো সরাসরি সংলাপে বসতে যাচ্ছেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই ঐতিহাসিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি পোস্টে ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেন। গত ৩৪ বছরের মধ্যে এই প্রথম দেশ দুটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বের মধ্যে সরাসরি কোনো যোগাযোগের উদ্যোগ নেওয়া হলো।

প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন যে, তিনি ব্যক্তিগতভাবে ইসরায়েল ও লেবাননের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে একটি ‘স্বস্তিদায়ক পরিবেশ’ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি একে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

ট্রাম্প তার পোস্টে লেখেন, দীর্ঘ সময় ধরে এ দুই দেশের নেতাদের মধ্যে কোনো কথা হয়নি, প্রায় ৩৪ বছর। আগামীকাল (আজ বৃহস্পতিবার) সেই আলাপ হতে যাচ্ছে। দারুণ ব্যাপার!

আল-জাজিরার দেওয়া তথ্যমতে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৯০-এর দশকের পর থেকে দেশ দুটির মধ্যে সরাসরি কোনো আনুষ্ঠানিক যোগাযোগ ছিল না বললেই চলে। সীমান্ত বিরোধ এবং সাম্প্রতিক সশস্ত্র সংঘাতের ফলে যখন অঞ্চলটি উত্তপ্ত, ঠিক তখন ডোনাল্ড ট্রাম্পের এই মধ্যস্থতা নতুন এক কূটনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। এই আলাপের মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থা কাটবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন