লেবাননকে বাদ দিয়ে যুদ্ধবিরতি সম্ভব নয়: গালিবাফ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ১৪ দিনের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে অবশ্যই লেবাননকে অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একইসঙ্গে ওয়াশিংটনকে তাদের দীর্ঘদিনের ‘ইসরায়েল প্রথম’ (Israel First) পররাষ্ট্রনীতি ত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় গালিবাফ এই দাবি জানান।

গালিবাফ তার বার্তায় স্পষ্ট করে বলেন, ‘(যুক্তরাষ্ট্র-ইরান) যুদ্ধবিরতিতে লেবাননের অন্তর্ভুক্তি অবশ্যই যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে। লেবাননে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি মূলত নির্ভর করবে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অটল প্রতিরোধের ওপর।’ 

গালিবাফ আরও যোগ করেন, যুদ্ধ হোক কিংবা যুদ্ধবিরতি-হিজবুল্লাহ, হামাস, হুথি এবং ইরাকি মিলিশিয়ারা সবাই এক-আত্মা। তাদের আলাদা করে দেখার সুযোগ নেই। উল্লেখ্য, হিজবুল্লাহ, হামাস ও হুথিদের মতো গোষ্ঠীগুলোকে ইরান তাদের ‘প্রতিরোধী ফ্রন্ট’ হিসেবে গণ্য করে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েলি যৌথ বাহিনীর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর ২ মার্চ থেকে লেবাননেও ব্যাপক অভিযান শুরু করে ইসরায়েল। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই দেড় মাসে দেশটিতে অন্তত ২ হাজার ২৬৭ জন নিহত এবং সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি বোমাবর্ষণে গৃহহীন হয়েছেন কয়েক লাখ মানুষ।

দীর্ঘ প্রায় ৪০ দিন রক্তক্ষয়ী যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে বিড়ম্বনার বিষয় হলো, এই চুক্তির পরেও লেবাননের ওপর ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযান অব্যাহত রয়েছে। তেহরান মনে করছে, লেবাননকে এই চুক্তির আওতায় না আনলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। সূত্র : বিবিসি

FJ
আরও পড়ুন