যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে ইরানের ড্রোন হামলা

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম

ওমান সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

সোমবার (২০ এপ্রিল) ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ইরানের একটি পতাকাবাহী কার্গো জাহাজ মার্কিন নৌবাহিনী জব্দ করার পর এই পাল্টা হামলা চালানো হলো।

এদিকে ড্রোন হামলায় মার্কিন সামরিক জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি চরম হুমকির মুখে পড়েছে।

ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ অপারেশনাল ইউনিট ‘খাতাম আল-আনবিয়া’ এক হুঁশিয়ারি বার্তায় বলেছে, ইরানি জাহাজ জব্দ করা সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন। এই উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর জবাব দেওয়া হবে বলেও তারা সতর্ক করেছে।

টানা ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত ৮ এপ্রিল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, যার মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা। শান্তি ফিরিয়ে আনতে গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশ ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা করলেও কোনো ফল আসেনি।

সোমবার দ্বিতীয় দফায় আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে যাওয়ার কথা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ইরান যদি এবার শর্ত মেনে চুক্তি না করে তবে তাদের সব বিদ্যুৎকেন্দ্র ও ব্রিজ ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের কোনো প্রতিনিধি এই আলোচনায় অংশ নেবেন না। সূত্র: বিবিসি

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত