অনিশ্চয়তায় ইসলামাবাদ বৈঠক, এখনো পাকিস্তানে যায়নি ইরানের প্রতিনিধিদল

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে এখনো পাকিস্তানের উদ্দেশে কোনো ইরানি প্রতিনিধিদল রওনা হয়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেছে, ‘ইরান থেকে কোনো প্রতিনিধিদল, প্রধান বা সহায়ক, প্রাথমিক বা আনুষঙ্গিক কেউই ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেনি।’

মধ্যস্থতাকারীদের, বিশেষ করে পাকিস্তানের চাপ থাকা সত্ত্বেও আজকের আলোচনায় ইরান অংশ নেবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার (যুক্তরাষ্ট্র সময়) সকালে ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে, যা যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার একদিন আগে।

এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনারও আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানীতে যাওয়ার কথা রয়েছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আলোচক দলের ওপর বিপ্লবী গার্ড বাহিনীর সম্ভাব্য চাপের কারণে তেহরান দেরি করছে।

তারা কঠোর অবস্থান নিতে বলছে এবং যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অবরোধ করে রাখার মধ্যে কোনো কূটনীতি সম্ভব নয়- এই অবস্থানে অনড় থাকতে বলছে।

পূর্ববর্তী আলোচনার সময়ও যুক্তরাষ্ট্রের হামলার অভিজ্ঞতার কারণে ইরানের মধ্যে গভীর অবিশ্বাস রয়েছে, যা বর্তমান পরিস্থিতিতেও প্রভাব ফেলছে। সূত্র: দ্য গার্ডিয়ান

FJ
আরও পড়ুন